চেলসির হারে নতুন 'অভিযোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু মাঠেই ঠোকাঠুকি লেগে গিয়েছিল চেলসির ডিয়েগো কস্তা আর লেস্টার সিটির জেমি ভার্ডির মধ্যে। এই লড়াইটাকে দৃশ্যত অমীমাংসিত লাগলেও আসল লড়াইয়ে জিতেছে নীল জার্সির ভার্ডির দল l রয়টার্স
পরশু মাঠেই ঠোকাঠুকি লেগে গিয়েছিল চেলসির ডিয়েগো কস্তা আর লেস্টার সিটির জেমি ভার্ডির মধ্যে। এই লড়াইটাকে দৃশ্যত অমীমাংসিত লাগলেও আসল লড়াইয়ে জিতেছে নীল জার্সির ভার্ডির দল l রয়টার্স

কে হবেন এবারের মৌসুমসেরা খেলোয়াড়? জেমি ভার্ডি, না রিয়াদ মাহরেজ?
মাত্র ১৬ ম্যাচ গেছে। বাকি আছে আরও ২২টি। এখনই মৌসুমসেরার খোঁজখবর করাটা একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে! ম্যাচের সংখ্যার হিসাবে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে ভার্ডি আর মাহরেজের যে ফর্ম, তাতে বিতর্কটা অপ্রাসঙ্গিকও নয়। কোনো দল পারবে লেস্টার সিটির এই দুই খেলোয়াড়কে থামাতে? পারবে লেস্টারকে থামাতে?
আর কেউ পারুক না পারুক, পরশু চেলসি পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে চেলসি হেরে গেছে ২-১ গোলে। গোল দুটি করেছেন ওই ভার্ডি ও মাহরেজ। প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত ভলিতে ভার্ডি আর বিরতির পর বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁকানো শটে মাহরেজ গোল করে লেস্টারকে জয় এনে দেন। ৭৭ মিনিটে চেলসির লইক রেমির গোলটা হয়ে রইল সান্ত্বনা।
এই জয়ে আবারও লিগের শীর্ষে ফিরল লেস্টার। মৌসুম শুরুর আগে যাদের ভাবা হচ্ছিল অবনমনের জন্য ‘ফেবারিট’, তারাই কি না ১৬ ম্যাচ শেষে শীর্ষে! লেস্টার পারবে এই চমক ধরে রেখে শিরোপা জিতে নিতে? দলটির কোচ ক্লদিও রানিয়েরি এখনো যেন ঘোরের মধ্যে আছেন। এখনো শিরোপার প্রশ্নে বেশ লজ্জাবনত হাসি ফুটে ওঠে এই ইতালিয়ানের ঠোঁটে।
এমনকি সেরা চারের প্রশ্নেও আপত্তি রানিয়েরির। পরিসংখ্যান বলছে, প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ শেষে ৩৫ বা এর বেশি পয়েন্ট পাওয়া দল কখনো মৌসুম শেষে চারের বাইরে যায়নি। অথচ ম্যাচ শেষে পুরো সংবাদমাধ্যমকে বিহ্বল করে দিয়ে লেস্টার কোচের উত্তর, ‘এখনো আরও ৫ পয়েন্ট লাগবে আমাদের।’ কেন জানেন? অবনমন এড়াতে! প্রিমিয়ার লিগে সাধারণত ‘৪০’ পয়েন্টকে ধরা হয় অবনমনের মাইলফলক।
দলের শিরোপা জয়, আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার সম্ভাবনার মধ্যে রানিয়েরির চিন্তা ওই ‘৫ পয়েন্ট’, ‘হ্যাঁ, আমরা লিগের শীর্ষে আছি। সমর্থকেরা অনেক আশাও করতে পারে। তবে আগে ৪০ পয়েন্ট না পাওয়া পর্যন্ত আমি শুধু অবনমনের কথাই ভাবছি।’
পরিহাসের ব্যাপার, ‘৪০ পয়েন্টে’র চিন্তা করার কথা এখন হোসে মরিনহোর। পরশুর এই পরাজয়ের পর চেলসির পয়েন্ট দাঁড়িয়েছে ১৫। অবনমন অঞ্চল থেকে দুই ধাপ আর ১ পয়েন্ট এগিয়ে তারা। যদিও চেলসি অবনমনের জন্য লড়বে এমনটা এখনো কেউ ভাবছে না, তবে এই মৌসুমে সেরা চারে থাকার আশা যে শেষ, সেটি মানছেন চেলসির কোচ।
এমনিতে ম্যাচ শেষে অভিযোগের লম্বা ফিরিস্তি দিতে তিনি অভ্যস্ত, পরশুও ব্যতিক্রম ছিল না। বলবয়দের সময়ক্ষেপণ, লেস্টার খেলোয়াড়দের বারবার মাঠের বাইরে যাওয়া—এমন অভিযোগ তো ছিলই। এগুলোর মধ্যেই বেশ চমকে দিল ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ। পর্তুগিজ কোচ বললেন, ‘মনে হচ্ছে যেন আমার কাজের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করছে। দুটি গোল যেভাবে হজম করলাম, সেটি মেনে নেওয়া কঠিন। ভার্ডি ঠিকই দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝ দিয়ে চলে গেল। মাহরেজ বক্সে ওয়ান-অন-ওয়ান পেয়ে গেল, যেখানে আমি চেয়েছিলাম ওর সঙ্গে দুজন থাকুক।’
খেলোয়াড়দের বিশ্বাসঘাতকতায় ম্যাচ হেরেছেন, এখন চেলসির মালিক ‘বিশ্বাসঘাতকতা’ করলে চাকরিটাও হারাবেন মরিনহো! রয়টার্স।