চেলসি-আর্সেনালের পথে ইউনাইটেড

ম্যানচেস্টার শহরটাই কি মিডলসবরোর ‘মৃগয়াক্ষেত্র’ হয়ে উঠছে? গত মৌসুমে এফএ কাপে ইতিহাদে এসে হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে। পরশু লিগ কাপের ম্যাচ ছিল ওল্ড ট্রাফোর্ডে। এবার একই পরিণতি ম্যানচেস্টার ইউনাইটেডের। গোলশূন্য ড্র ম্যাচে টাইব্রেকারে ৩-১ এ হেরে চেলসি-আর্সেনালের মতোই তারা ছিটকে পড়ল প্রতিযোগিতা থেকে।
টাইব্রেকার-গেরোটা যেন কাটছেই না ইউনাইটেডের। এ নিয়ে টানা চারটি টাইব্রেকারে হারল ‘রেড ডেভিল’রা। পরশু অবশ্য দুই দলেরই সুযোগ ছিল টাইব্রেকারের আগে জিতে যাওয়ার। আত্মঘাতী গোল করার পরও ডেলি ব্লিন্ডের মুখরক্ষা হয়েছে অফসাইড-ভাগ্যে। আবার ইউনাইটেডের আক্ষেপ একের পর এক গোলের সুযোগ হারানো। লিগে সিটির ম্যাচের পর পরশুর এই ম্যাচ—টানা দুই ম্যাচে গোল পেল না ইউনাইটেড। এই পরিসংখ্যানে হতাশ কি না এমন প্রশ্নে কোচ লুই ফন গাল বললেন, ‘অবশ্যই, ফুটবলে গোলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা দুই ম্যাচে শূন্য-শূন্য।’
ইউনাইটেডের মতো না হলেও অন্য একটা গেরো ছুটল ইয়ুর্গেন ক্লপের, ড্রয়ের গেরো। লিভারপুল কোচ হওয়ার পর প্রথম তিন ম্যাচেই ড্র। জার্মান কোচ অবশেষে বোর্নমাউথের বিপক্ষে জয়ের মুখ দেখলেন নাথানিয়েল ক্লাইনের ১৭ মিনিটের গোলে। ম্যাচ শেষে ক্লপের কণ্ঠেও স্বস্তি, ‘এটা ড্রয়ের চেয়ে ভালো। আমরা প্রভাব বিস্তার করলাম, ফুটবল খেললাম এবং কিছু ভালো মুহূর্তও ছিল।’ এএফপি, ইএসপিএন।
স্পেনে এমন প্রভাব বিস্তার করে, ভালো ফুটবল খেলেও জয় তুলে নিতে পারল না বার্সেলোনা। এটা ঠিক, দ্বিতীয় সারির দল নামিয়েছে কাতালানরা, তবে প্রতিপক্ষও তো তৃতীয় বিভাগের দল ভিয়ানোভেন্সে। তাদের জালেও গোল দিতে পারল না বার্সা। তবে নিজের দলের চেয়ে প্রতিপক্ষের রক্ষণেরই প্রশংসা করলেন লুইস এনরিকে, ‘আমি মনে করি আমরা ভালোই খেলেছি, তবে ভিয়ানোভেন্সেকেও অভিবাদন। ওদের রক্ষণ দারুণ ছিল।’
এ ছাড়া ইউরোপজুড়ে কাপের ম্যাচে বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। আর বরুসিয়া ডর্টমুন্ড ৭-১ গোলে বিধ্বস্ত করেছে পাডারবর্নকে। এত এত কাপ ম্যাচের ভিড়ে লিগের ম্যাচ হয়েছে শুধু ইতালিতে। তাতে হতাশাই সঙ্গী জুভেন্টাসের। গত মৌসুমের চ্যাম্পিয়নরা ১০ জনের দল নিয়ে হেরে গেছে ‘পুঁচকে’ সাসসুয়োলোর কাছে।