চোখ আসলে বঙ্গবন্ধু কাপে

জাপানের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে প্রীতি ম্যাচ। কিন্তু এই যুব দলটিকে নিয়েই জাতীয় দলের ফুটবলারদের ভেতর অন্য রকম সাড়া পড়ে গেছে। আবাসিক ক্যাম্প হচ্ছে। ফুটবলাররা বাফুফে ভবনে এসে কাল রিপোর্ট করলেন, শুরু করলেন অনুশীলনও। অধিনায়ক মামুনুল ইসলাম বাদে সবাই হাজির। আইএসএলে খেলতে মামুন রয়েছেন কলকাতায়, ১৫ ডিসেম্বর যোগ দেবেন দলের সঙ্গে।
১৮ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবেন জাপানি যুবারা। ১৬ ডিসেম্বর ঢাকা পৌঁছাবে জাপান। কাল থেকেই কোচ সাইফুল বারী (টিুট) শুরু করে দিয়েছেন অনুশীলন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটে ঘণ্টা খানেক অনুশীলন চলল। জাপান যুব দল এই অনুশীলনের উপলক্ষ হলেও আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপকেই পাখির চোখ করছেন সাইফুল, ‘আমাদের আসল লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। আজ থেকে বলতে গেলে সেটারই অনুশীলন শুরু হলো। এই ম্যাচ শেষ হলেই বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করব।’
সামনে জাপানের যুব দল। সাইফুল তবুও জয়ের উচ্চাশা ব্যক্ত করতে পারছেন না, ‘জাপানের এই দলটা ওদের তৃতীয় পর্যায়ের জাতীয় দল। এই দলের কিছু খেলোয়াড় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলবে। ওরা তাই বেশ গুরুত্ব দিচ্ছে এই ম্যাচকে। এদের সঙ্গে ড্র করতে পারলেই সেটা হবে আমাদের জন্য অনেক সম্মানের।’
বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক দলের বেশির ভাগই সদ্য শেষ হওয়া ভুটানের কিংস কাপে খেলেছেন। এর মধ্যে শেখ জামালের আছেন ১৩ জন, আবাহনীর তিনজন। কোচের জন্য সন্তুষ্টির জায়গা এটাই যে দলের ফিটনেস নিয়ে বেশি কাজ করতে হবে না, ‘এখানে যেসব খেলোয়াড় ডাক পেয়েছে অধিকাংশই কিছুদিন আগে ভুটানে কিংস কাপে খেলে এসেছে। যেহেতু ওরা খেলার মধ্যে আছে তাই ওদের ফিজিক্যাল ফিটনেস ভালোই আছে।’ খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখতে কোচই আগে থেকে বলে দিয়েছিলেন, ‘শেখ জামাল আর আবাহনীর বাইরে যারা ডাক পেয়েছে তাদের আগেই ফোনে বলে দিয়েছি, যেন ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিং করে। ওরা সবাই পেশাদার খেলোয়াড়। ফিটনেস ঠিক রাখা ওদের দায়িত্বের মধ্যেই পড়ে।’