
কোচিং শাস্ত্র টেনে মারুফুল হক বললেন, ‘প্রথম ম্যাচ জয় মানে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ শেষ।’
বাংলাদেশ দলের দিকে তাকিয়ে এই তত্ত্বের সঙ্গে কেউ কেউ হয়তো পুরোপুরি একমত না-ও হতে পারেন। কারণ চ্যাম্পিয়নশিপ মানে বন্ধুর পথ। ধারাবাহিকতার শীর্ষে ওঠার বড় পরীক্ষাও। তবে হ্যাঁ, কেরালা সাফের শুরুতেই আফগানিস্তান-বাধা টপকাতে পারলে দল চনমনে হয়ে উঠবে অনেক। হয়তো আর পেছনে না-ও তাকাতে হতে পারে।
বাংলাদেশ কোচের নোটবুকে এখন তাই শুধুই সাফের মুকুটধারী এই অঞ্চলের হালের পরাশক্তি আফগানিস্তান। কিন্তু ইতিহাস বলছে, প্রথম ম্যাচে হেরেও ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার বীরত্ব দেখিয়েছে বাংলাদেশ। তবে মারুফুলের কাছে ওটা ব্যতিক্রম উদাহরণই। কাল বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বললেন, ‘আফগানিস্তান ম্যাচটাই অনেক কিছু ঠিক করে দেবে। তাই এই ম্যাচটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এও মনে করি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আফগানদের হারানো সম্ভব।’

এই আত্মবিশ্বাস সঙ্গী করেই সাফের মঞ্চে পা রাখতে আজ সকালে বিমানে চেপে বসবেন মারুফুল। সঙ্গী হবে একঝাঁক অভিজ্ঞ আর স্বপ্নপিপাসু ফুটবলার। চাইলে এই যাত্রার নাম হতে পারে ‘সাফ ট্রফি বাংলাদেশে ফিরিয়ে আনার মিশন।’ ১২ বছর আগে যেটি ঢাকায় হাতে তোলার অধিকার পেয়েছিলেন রজনী-মতিউর মুন্না-আলফাজ-হাসান আল মামুনরা। কিন্তু গত চারটি সাফের তিনটিতেই গ্রুপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ হঠাৎ রাজা থেকে হয়েছে প্রজা। দক্ষিণ এশিয়ার ফুটবলে আবার সেই রাজসিংহাসন ফিরে পেতে প্রত্যয়ী অধিনায়ক মামুনুল ইসলাম, ‘সাফ জিতে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের আশা বাঁচিয়ে রাখতে চাই। এটিই আমার আজকের অঙ্গীকার।’
কিন্তু এটাও সত্য, ১২ বছর আগে যে ট্রফি জিততে পেরেছিল বাংলাদেশ, আজকের বাস্তবতায় তা অনেক কঠিন। তা ছাড়া সাফ পুনরুদ্ধারে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়েও চায়ের কাপে বিতর্ক উঠতে পারে। অনেকে তো বলেন, ২০০৩ সালের দলটা ছিল বেশি শক্তিশালী। সে সময় প্রস্তুতিও ছিল সুদূরপ্রসারী ও কার্যকর। এবার প্রস্তুতির ব্যাপারে বাফুফের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনাই ছিল না। এ কারণেই প্রত্যাশার বেলুন ফোলাতে গিয়ে অনেকে সতর্ক।
কিন্তু সব একপাশে রেখে কোচ-অধিনায়কের সাহসী উচ্চারণে আশায় বুক বাঁধবেন যে কেউই। তাঁরা যেন এক প্রাণ এখন। তারপরও প্রশ্ন আসে খেলোয়াড়েরা কোচের যাবতীয় ছক মেনে খেলতে পারবেন? প্রশ্নবোধক চিহ্নটা ঝুলিয়ে রাখতে চাইলেন না মামুনুল। সংবাদ সম্মেলনে কোচ পাশে বসেই বললেন, ‘আমরা শারীরিক, মানসিক সব দিক থেকেই তৈরি। অনুশীলনের প্রথম দিনেই কোচকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সাফ এনে দেব। যাওয়ার সময়ও একই কথা বলছি। প্রতিশ্রুতি পূরণে আমরা নিজেদের সর্বোচ্চটাই ঢেলে দেব।’
খেলোয়াড়দের এই আন্তরিক চেষ্টাই এই দলটির সবচেয়ে বড় শক্তি। কোচও সেটি লক্ষ্যে করেছেন, ‘আমার প্রথম কাজ ছিল খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন। সেটি অনেকটাই পেরেছি। ছেলেরা গত ১৮ দিনের ৩৮টি সেশনে কঠিন পরিশ্রম করেছে। একটা দল হয়ে ভালো করতে প্রয়োজনীয় সবই আছে এই দলে।’ শিষ্যদের ওপর এমনই আস্থা তাঁর, মাত্র দুজন স্ট্রাইকার নেওয়াও কোনো সমস্যা মানেন না। মিডফিল্ডাররা তো বটেই, এমনকি ডিফেন্ডাররাও গোল আনতে পারে বলে বিশ্বাস রাখেন।

মারুফুল কি উত্তপ্ত চেয়ারেই বসে আছেন? আপাতদৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। কিন্তু তিনি নিজে সেভাবে দেখেন না। জেনে-বুঝেই চ্যালেঞ্জটা নিয়েছেন বলে কিছু অর্জনের হাতছানিই বরং তাঁকে শাণিত করছে প্রতিজ্ঞায়, ‘জানি সাফ পর্যন্তই আমার দায়িত্ব। তাই এটিকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক চেষ্টাই আমার থাকবে।’
স্মরণীয় কিছুর প্রত্যাশা রাখলেন জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। সংবাদ সম্মেলনে বললেন, ‘নতুন বছরে আনন্দের উপলক্ষ এনে দেবে ফুটবলাররা, এমন আশাই করছি।’ সাফ-যাত্রার প্রাক্কালে এই আশার রেণুই যেন এখন উড়ছে ফুটবল অঙ্গনে।
সাফে বাংলাদেশের খেলা
২৪ ডিসেম্বর বাংলাদেশ-আফগানিস্তান
২৬ ডিসেম্বর বাংলাদেশ-মালদ্বীপ
২৮ ডিসেম্বর বাংলাদেশ-ভুটান
সাফ জিতে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের আশা বাঁচিয়ে রাখতে চাই। এটিই আমার আজকের অঙ্গীকার
মামুনুল ইসলাম
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক
সাফ পর্যন্তই আমার দায়িত্ব। তাই এটিকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক চেষ্টাই আমার থাকবে
মারুফুল হক
বাংলাদেশ ফুটবল দলের কোচ