চোট ছিটকে দিল রেজাউলকে
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তাঁর। এশিয়ান কাপ ও বিশ্বকাপের বাছাইপর্বের ৩২ সদস্যের প্রাথমিক দলে আছেন ডিফেন্ডার রেজাউল করিম। কিন্তু আবাসিক ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে শেখ রাসেলের এই ফুটবলারের।
সর্বশেষ চোটটা পান পরশু প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের সঙ্গে ম্যাচে। রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড গিদন সলোমন পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন রেজাউলকে। ম্যাচ শেষেই তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা তাঁর বুক ও পায়ের এক্স-রে করান। কিন্তু রিপোর্ট নিয়ে সন্দেহ থাকায় এক্স-রে করিয়েছেন পরে অ্যাপোলো হাসপাতালেও। সেখানকার চিকিৎসকেরাই জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। ১০ দিনের বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। আগামী ২ জুন আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচের আগে তাই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই রেজাউলের। এ জন্য নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাম্পে যাবেন না। এর আগে সর্বশেষ সাফ গেমসের ক্যাম্পেও একবার চোট পেয়েছিলেন রেজাউল। অবশ্য চোট সারিয়ে ফিরেও সুযোগ পাননি চূড়ান্ত দলে।