চোটে দুই মাস নেই মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ হাঁটুতে চোট পেয়েছেন, মেসির অভিব্যক্তিতেই যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। পরে জানা গেছে, লিগামেন্টের চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সা ফরোয়ার্ডকে l এএফপি
বাঁ হাঁটুতে চোট পেয়েছেন, মেসির অভিব্যক্তিতেই যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। পরে জানা গেছে, লিগামেন্টের চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সা ফরোয়ার্ডকে l এএফপি

ম্যাচের তখন মাত্র তিন মিনিট। নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বলটা দুর্দান্তভাবে নিজের নিয়ন্ত্রণে নিলেন। গোলটা যখন প্রায় করেই ফেলবেন, লাস পালমাস ডিফেন্ডার পেদ্রো বিগাস দাঁড়ালেন বাধা হয়ে। কিন্তু বিগাসের সঙ্গে ঠোকাঠুকিতে হাঁটুতে আঘাত পেলেন, চলে যেতে হলো মাঠের বাইরে। খানিক পরে ফিরলেও আর বেশিক্ষণ খেলতে পারেননি, ১০ মিনিটে আবার মাঠ ছাড়তে হয়েছে। বোঝা যাচ্ছিল, চোটটা গুরুতর। কিন্তু লিওনেল মেসিকে যে লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলতে হবে, বার্সেলোনা সেটি জেনেছে পরশুর ম্যাচ শেষে। বার্সেলোনা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, বাঁ পায়ের লিগামেন্টের চোটে সাত থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে মেসিকে।

মেসির যত চোট
মেসির যত চোট

পালমাসের সঙ্গে ২-১ গোলে জয়ের পরও বার্সা কোচ লুইস এনরিকের কপালে এখন ভাঁজই জমে গেছে। সেল্টা ভিগোর সঙ্গে ৪-১ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পরশু জয়টা খুবই দরকার ছিল বার্সার। লুইস সুয়ারেজের জোড়া গোলে সেটা পেতে খুব কষ্ট হয়নি। নেইমার পেনাল্টি মিস না করলে জয়টা আরও বড়ই হতে পারত। কিন্তু জয়ের বিনিময়ে যে এত বেশি ‘মূল্য’ দিতে হবে, এনরিকে নিশ্চয়ই সেটা ভাবতে পারেননি? অবশ্য ভেতরে নির্ভাবনা থাকলেও বাইরে সেটি প্রকাশ করলেন না এনরিকে, ‘চোট খুবই দুঃখজনক ব্যাপার। ফুটবলারদের জন্য এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। খেলোয়াড়টি যখন লিওনেল মেসি, তখন ব্যাপারটা আরও বেশি খারাপ। কারণ দলের অনেকটা ভারই তার কাঁধে। কিন্তু এটাকে স্বাভাবিক ধরে নিয়েই আমাদের সমস্যাটা কাটিয়ে উঠতে হবে।’
পরশু মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেসিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মাস দুয়েক দর্শক হয়ে থাকতে হবে তাঁকে। এর মধ্যে লা লিগার পাঁচটি, চ্যাম্পিয়নস লিগের তিনটি ও কোপা ডেল রের অন্তত একটি ম্যাচ তো আছেই, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারবেন না। তবে সম্ভাব্য যেদিন ফেরার কথা, সেদিন কোনোভাবেই দর্শক হয়ে থাকতে চাইবেন না। ২২ নভেম্বর এল ক্লাসিকোর আগেই মেসি নিশ্চয়ই চোট কাটিয়ে উঠতে চাইবেন। এএফপি।