চোখ থাকবে তাঁর দিকে

গত সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকেই অনুশীলনে ব্যস্ত হয়ে পড়ল বেঙ্গালুরু এফসি। কিছুক্ষণ বল পায়ে কারিকুরি করে ডিফেন্ডার গুরসিমরাত সিংয়ের সঙ্গে স্টেডিয়ামের ভিআইপি বক্সে ঢুকলেন বেঙ্গালুরু এফসি ও ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। মিনিট পাঁচেক পর আবারও এসে সতীর্থদের ভিড়ে অনুশীলনে হারিয়ে গেলেন।
এএফসি কাপে আজ আবাহনীর মুখোমুখি বেঙ্গালুরু। নিশ্চিত করেই আবাহনীর রক্ষণের বড় পরীক্ষা নেবেন সুনীল ছেত্রী। জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে গোল করেছেন। ২০১৩ কাঠমান্ডু সাফে জিততে জিততেও জিততে পারেনি তাঁর কারণেই। ছেত্রীর গোলে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
সেই ছেত্রীকেই কাল অনুশীলনের এক ফাঁকে ইংরেজিতে প্রশ্ন করতেই চমকে দিয়ে বাংলায় বলে উঠলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে।’ বাংলার সঙ্গে যে একটা আত্মার সম্পর্ক আছে ছেত্রীর! ক্যারিয়ারের শুরুর দিকে খেলেছেন পশ্চিমবঙ্গের ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গলে। জীবনসঙ্গী হিসেবেও ছেত্রী বেছে নিয়েছেন বাঙালি মেয়েকে। ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহনবাগানের সাবেক কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনম ভট্টাচার্যকে বিয়ে করে পুরোদস্তুর বাঙালিই বনে গেছেন ছেত্রী।
আজকের ম্যাচ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটে রইলেন, ‘যা বলার সংবাদ সম্মেলনেই তো বলেছেন কোচ।’ তবে শুধু একটা কথাই বললেন, ‘আমরা এখানে ম্যাচ জিততেই এসেছি। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে মিয়ানমারকে হারানো ম্যাচে ভারতের হয়ে নিজের ৫৩তম আন্তর্জাতিক গোলটি পেয়ে যান। এটিই ভারতের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে এই এএফসি কাপের প্রথম তিন ম্যাচে বেঙ্গালুরুর ৫ গোলের মাত্র একটি করেছেন ছেত্রী। আজ নিশ্চয়ই নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে চাইবেন দক্ষিণ এশিয়ার এই তারকা ফুটবলার।