চোখ ২০২২ বিশ্বকাপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিশন ২০২২’ ঘোষণা করে কাজী সালাউদ্দিন এগোতে পারেননি এতটুকু পথ। কাতার বিশ্বকাপে জাতীয় দলকে নিয়ে যাওয়ার স্বপ্ন পথ হারিয়েছে অচিরেই। সাম্প্রতিক সময়ে ছেলেরা মাঠে তো শুধু হেরেছেনই, উপরন্তু শৃঙ্খলা ভেঙে ক্ষতি করেছেন জাতীয় দলের। ছেলেদের নিয়ে তাই বাফুফে সভাপতির ‘ভিশন ২০২২’ পেছনের পাতায় চলে গেছে সেই কবেই।

তবে ২০২২ সামনে এসে দাঁড়াচ্ছে অন্যভাবে। আর সেটা আনছেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার (কিরণ)। মেয়েদের ফুটবল নিয়ে বাংলাদেশের পরবর্তী লক্ষ্য স্থির করেছেন ২০২২ বিশ্বকাপে নাম লেখানো! ওই বছর অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যেকোনো একটিতে খেলতে চায় বাংলাদেশ। আগামী চার বছর তাই মহিলা দলকে টানা অনুশীলন করানো হবে।

ঢাকায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের মেয়েরা দারুণ খেলছে। কিন্তু বিশ্বকাপ তো অনেক দূরের পথ। আগে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠুক। সেটাও তো কঠিন। এই বাস্তবতা মেনে নিয়েও চোখে স্বপ্নের ঘুড়ি ওড়াচ্ছেন মাহফুজা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সানজিদা, কৃষ্ণাদের নৈপুণ্যের প্রশংসা করতে করতে চোখ ফেলেন সুদূরে, ‘বিশ্বকাপে খেলা কঠিন, এটা ঠিক। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলেই আমরা মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপে উঠতে পারব। আমাদের লক্ষ্যও সেটা। যে করেই হোক ২০২২ বিশ্বকাপে যাওয়া।’

মূল জাতীয় দল নিয়ে অবশ্য স্বপ্নের নাটাই বেশি ঘোরাচ্ছে না বাফুফে। কারণ, মূল জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে হলে প্রথমে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠতে হবে। সেটা হয়তো অনেক কঠিন। তবে গত কয়েক বছরে দেশের বয়সভিত্তিক নারী ফুটবলে এমনই বিপ্লব ঘটেছে যে, কোনো বাধাই আর বাধা মনে হচ্ছে না বাফুফের কাছে। আজকের কিশোরীরাই জাতীয় দলের হাল ধরবে ভবিষ্যতে। চলমান টুর্নামেন্টে তাদের মধ্যে যে সাফল্যতৃষ্ণার দেখা মিলছে, তাতে আশাবাদী হয়ে উঠেছেন সবাই। বর্তমান অনূর্ধ্ব-১৬ দলের ছয়-সাতজনই জাতীয় দলের একাদশের সদস্য। তাদের সঙ্গে সাবিনা, মিরনাসহ আরও দু-তিনজনের বেশি যোগ করার সম্ভাবনা নেই।

অনূর্ধ্ব-১৬ দলটাকে আগামী চার বছরের জন্য ক্যাম্পে নিয়ে যাওয়ার কথাও বলছে বাফুফে। টুর্নামেন্ট শেষে ১৫ দিনের বিরতি দিয়ে ক্যাম্প শুরু করা হবে তাদের। নভেম্বরে সাফ আছে। দূর করা হচ্ছে দেশের বাইরে অনুশীলন ম্যাচ খেলতে না পারার অতৃপ্তিও। বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল ম্যাকাওয়ে অনূর্ধ্ব-১৬ দলের জন্য অনুশীলন ম্যাচ খেলা চূড়ান্ত করে ফেলেছেন। অদম্য এই মেয়েদের জন্য অক্টোবর থেকে ক্লাব লিগ আয়োজনেরও তোড়জোড় চলছে।

হাতে নেওয়া হয়েছে অনূর্ধ্ব-১২ দল গড়ে তোলার প্রকল্পও। ফিফার কাছে চার বছরের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। ওটা অনুমোদিত হলে মেয়েদের ফুটবল আরও সামনে এগোবে, তৃণমূল থেকেও উঠে আসবে খেলোয়াড়—এমন বিশ্বাস ফেডারেশনের।