চোখে চশমা না থাকায় বদলে গেল একাদশ
ইতালিয়ান ফুটবল কোচ রবার্তো মানচিনি চশমা পরেন, এটা কে জানত? ম্যানচেস্টার সিটির পর ইন্টার মিলান, জেনিত ঘোরা শেষে ক্লাব ফুটবল থেকে সরে গেছেন। দায়িত্ব নিয়েছেন ইতালির। জাতীয় পর্যায়ে প্রাথমিকভাবে ভালোই সাফল্য পেয়েছেন। কিন্তু এই সময়টায় কখনো তাঁর চোখে কেউ চশমা দেখেনি কেউ। কিন্তু মানচিনি যে চশমা পরেন এবং সেটা চোখে না থাকলে কী সর্বনাশ হতে পারে, সেটা এতক্ষণে সবাই টের পেয়ে গেছেন। শুধু চোখে চশমা ছিল না বলেই আন্তর্জাতিক ম্যাচে কাল ভুল একাদশ নিয়ে মাঠে নেমেছিল ইতালি।
গতকাল রাতে উয়েফা নেশনস কাপে বসনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। একাদশে মাঠে নামার কথা ছিল ডিফেন্ডার জর্জিও কিয়েলিনির। উপস্থিত গণমাধ্যমকর্মীরাও তাই জানতেন। কিন্তু সবাইকে অবাক করে মাঠে নেমেছেন ফ্রান্সেসকো আকের্বি। মজার ব্যাপার, মানচিনি নাকি কিয়েলিনিকেই নামাতে চেয়েছিলেন। কিন্তু নামের তালিকা ঠিকমতো না দেখতে পাওয়ায় এমন ভুল হয়েছে বলে ম্যাচ শেষে দাবি করেছেন মানচিনি।
দুর্দান্ত ফর্মে থাকা এক দল নিয়ে মাঠে নেমেছিলেন মানচিনি। টানা ১১ ম্যাচে জয়ী এক দল কাল নেমেছিল বসনিয়ার বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ইতালি, সেটাও পিছিয়ে পড়ার পর সমতা ফেরার স্বস্তি নিয়ে। ৬৭ মিনিটে স্টেফানো সেনসির গোলের আগে বসনিয়াকে ৫৭ মিনিটে এগিয়ে দেন এডেন জেকো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে আসে কিয়েলিনির দলে না থাকার প্রসঙ্গ। ভুলটা নিজের বলে জানিয়েছেন মানচিনি, ‘এটা আমার ভুল। আমাকে লাইন-আপ দেখানোর সময় আমার চোখে চশমা ছিল না। আমি শুধু বলে দিয়েছিলাম, ঠিক আছে। কিয়েলিনির জায়গায় যে আকের্বি ছিল এটা আমি খেয়াল করিনি।’
এ ভুলকে খুব বড় করে দেখতে চাইছেন না মানচিনি, ‘এমন না যে আমরা একজন ডিফেন্ডারের বদলে একজন গোলরক্ষক নামিয়ে দিয়েছি। এটা খুব বড় কোনো পার্থক্য গড়ে দেয়নি। তবে হ্যাঁ, এটা অবশ্যই ভুল ছিল।’ শেষ পর্যন্ত বদলি হিসেবেও মাঠে নামা হয়নি কিয়েলিনির।
অবশ্য কাল ভুল না হলেও পরবর্তী ম্যাচে আর্কেবি সুযোগ পেতেন বলে জানিয়েছেন আর্কেবি, ‘আকের্বি ও কিয়েলিনিকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চিন্তা করেছি। আমি কিয়েলিনিকে জিজ্ঞাসা করেছিলাম তুমি আজ খেলবে না কি হল্যান্ডের বিপক্ষে। সে বলেছিল আজ। তবে এখন আমরা পরবর্তী ম্যাচে বদলিয়ে নিব।’