চোখের পলকে গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শুরু জন্য রেফারি বাঁশি বাজালেন। তারপর গুনে গুনে তিনটি পাস। বেয়ার লেভারকুসেনের ডিফেন্ডার সেবাস্তিয়ান বোনিশের কাছ থেকে শেষ পাসটা পেলেন উইঙ্গার করিম বেল্লারাবি। ডান পায়ের শটে গোল! নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ডাগ-আউটে দাঁড়িয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ। কয়েক মুহূর্ত হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকার পর হেসে দিলেন। হাতের ঘড়িতে রেফারি সময় দেখলেন, ৯ সেকেন্ড!
বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন বেল্লারাবি। দীর্ঘদিন যে রেকর্ডটা ছিল বায়ার্ন মিউনিখের সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার জিওভানে এলবার ও বেয়ার লেভারকুসেনেরই সাবেক জার্মান ফরোয়ার্ড উলফ কারস্টেনের। দুজনের গোলেই সময় লেগেছিল ১১ সেকেন্ড।
বেল্লারাবির গোলের চেয়েও কম সময়ে অনেক গোল দেখেছে ফুটবল-বিশ্ব। এই তো এ বছরই মার্চে সেইডু কেইটা লা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে মাত্র ৭.৬ সেকেন্ডে গোল করেছিলেন আলমেরিয়ার বিপক্ষে। ইউরোপের সেরা পাঁচটি লিগে এটাই সবচেয়ে দ্রুততম গোল।
³গত বছর অক্টোবরে হিউস্টন ডায়নামোর বিপক্ষে মাত্র ৭ সেকেন্ডে গোল করেছিলেন নিউইয়র্ক রেড বুলসের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড টিম কাহিল। মেজর লিগ সকারে এখন পর্যন্ত ওটাই দ্রুততম গোল।
ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে দ্রুততম গোল
গোলদাতা দল সময় (সেকেন্ড) প্রতিপক্ষ মৌসুম
লা লিগা সেইডু কেইটা ভ্যালেন্সিয়া ৭.৬ আলমেরিয়া ২০১৩-১৪
বুন্দেসলিগা করিম বেল্লারাবি বেয়ার লেভারকুসেন ৯ ডর্টমুন্ড ২০১৪-১৫
প্রিমিয়ার লিগ লেডলি কিং টটেনহাম ৯.৭ ব্র্যাডফোর্ড ২০০০-০১
লিগ ওয়ান ডেনিলসন বোর্দো ১১ নিস ২০০৫-০৬
সিরি ‘আ’ আর্তুরো ভিদাল জুভেন্টাস ১৮ ইন্টার মিলান ২০১২-১৩