চোট নিয়েই ৫ গোল!
প্রথমার্ধে এক গোল, বিরতির পর ১৭ মিনিটে আরও ৪টি। পরশু নিউক্যাসলের বিপক্ষে ২০ মিনিটেই ৫ গোল সার্জিও আগুয়েরোর। ৬৬ মিনিটে ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তাঁকে তুলে না নিলে প্রিমিয়ার লিগ প্রথম ‘ডাবল হ্যাটট্রিক’ দেখে ফেলতে পারত।
আপাতত ‘বেরসিক’ মনে হলেও পেলেগ্রিনির সিদ্ধান্তটা আগুয়েরোর চোটের কথা মাথায় রেখেই। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে মনশেনগ্লাডবাখ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যে কারণে দ্বিতীয়ার্ধে আগুয়েরোকে মাঠে নামানো নিয়েই দোলাচলে ছিলেন পেলেগ্রিনি। বিরতিতে চিকিৎসা নিয়ে মাঠে নামেন আগুয়েরো।
ভাগ্যিস নেমেছিলেন। তা না হলে রেকর্ডটাই যে হতো না! অ্যান্ডি কোল, দিমিতার বারবেতভ, অ্যালান শিয়ারার ও জার্মেইন ডিফোর সঙ্গে এক ম্যাচে পাঁচ গোল করা খেলোয়াড়দের ছোট্ট তালিকায় ঢুকে পড়েছেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। এঁদের মধ্যেও আগুয়েরো অনন্য তাঁর গোল ৫টি সবচেয়ে কম সময়ে এসেছে বলে। অথচ এ ম্যাচের আগে প্রিমিয়ার লিগে টানা পাঁচটি ম্যাচ আর ৪৬৫ মিনিট গোলশূন্য ছিলেন আগুয়েরো।
ম্যাচ শেষে নিজের রেকর্ড নয়, জয়টাকেই বড় করে দেখালেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার, ‘আমি অনেক, অনেক খুশি। মাত্রই জানতে পারলাম রেকর্ডটা ছুঁয়েছি, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা জিতে ৩ পয়েন্ট পেয়েছি।’ এএফপি, গোলডটকম।