চোট নিয়েই খেলেছিলেন ডি ব্রুইনা
কাল তিনি মাঠে থাকবেন কি না, এ নিয়েই সন্দেহ ছিল। কিন্তু ম্যাচের একাদশ দেখার পর চমকে গেছেন সবাই। বেলজিয়ামের হয়ে শুরুতেই নামলেন কেভিন ডি ব্রুইনা। চোট নিয়েই ইউরো খেলতে আসা ডি ব্রুইনা মাঝে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ আবার তাঁকে ছিটকে দিয়েছিল মাঠের বাইরে।
গতকাল ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাই ব্রুইনার খেলা নিয়ে সংশয় ছিল। দলের আরেক তারকা এডেন হ্যাজার্ড যেমন পর্তুগালের বিপক্ষে চোট পেয়ে ছিলেন গ্যালারিতে; কিন্তু ইতালির বিপক্ষে কাল ৯০ মিনিটই মাঠে ছিলেন ডি ব্রুইনা। সেটাও পায়ে চোট নিয়েই! ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে তাঁর উপস্থিতি অবশ্য খুব একটা প্রভাব ফেলেনি।
গতকাল ম্যাচ শেষে চোট নিয়ে খেলার কথা নিজেই জানিয়েছেন ব্রুইনা। উয়েফা ডট কমকে ডি ব্রুইনা বলেছেন, ‘ব্যক্তিগতভাবে খুব অদ্ভুত চার থেকে পাঁচটা সপ্তাহ গেল। চিকিৎসক দলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই (খেলতে পেরেছেন তাই)। আজ যে আমি খেলতে পেরেছি, এটাই অলৌকিক ঘটনা মনে হচ্ছে, কারণ আমি নিশ্চিত, আমার অ্যাঙ্কেলে ক্ষত আছে। লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিন্তু দেশের জন্য খেলাটা দায়িত্ব মনে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমি এর বেশি কিছু করতে পারিনি।’
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট পেয়েছিলেন মুখে। সে চোট থেকে পুরোপুরি সেরে উঠতেই নাকি আরও ছয় মাস লাগবে। এর মধ্যেই আবার নতুন করে পর্তুগালের বিপক্ষে চোট পাওয়ার পর কাল ডি ব্রুইনাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়ে হয়তো ভুলই করেছেন বেলজিয়ান কোচ রবার্তো মার্তিনেজ। যদিও কাল বেলজিয়াম প্রথমার্ধে নিজেদের সব আক্রমণই ডি ব্রুইনার মাধ্যমে করার চেষ্টা করেছে। ডি ব্রুইনার ওপর বেলজিয়ামের এমন নির্ভরতার সর্বোচ্চ সুযোগ নিয়েছে ইতালি।
নিকোলো বারেল্লা ও লরেঞ্জো ইনসিনিয়ের দুর্দান্ত দুটি গোলে পিছিয়ে পড়া বেলজিয়াম প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা দলটি এরপর বহু চেষ্টাতেও আর গোল পায়নি। ডি ব্রুইনা অবশ্য সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার তৃপ্তি নিয়ে ফিরছেন, ‘আমার মনে হয় জেতার জন্য সবকিছুই করেছি। ওরা দারুণ একটা গোল করেছে, কিন্তু প্রথম গোলে আমাদের ভুল ছিল। ওরা বলের দখল বেশি রেখেছে এবং আমাদের ভাগ্যও সঙ্গে ছিল না, যা হতাশাজনক। বাদ পড়াটা সব সময়ই হতাশার।’