চোটজর্জর বার্সার সেভিয়া-পরীক্ষা
সান্দ্রো রামিরেস, না মুনির এল হাদ্দাদি—লিওনেল মেসির জায়গায় খেলবেন কে? ইনিয়েস্তার জায়গায় কি সার্জি রবার্তোই? সেভিয়ার মাঠে আজকের ম্যাচের আগে বার্সেলোনা কোচ লুইস এনরিকের বড় দুশ্চিন্তার নাম এই দল নির্বাচন। চোটে ভগ্নদশা কাতালানদের মূল একাদশ সাজাতেই গলদঘর্ম হতে হচ্ছে ৪৫ বছর বয়সী কোচকে।
এনরিকের মতো চেলসি কোচ হোসে মরিনহো এবং ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিরও চিন্তা দল নির্বাচন নিয়েই। তবে সেটি যতটা না চোটের কারণে, তার চেয়ে বেশি খেলোয়াড়েরা ফর্ম হারিয়েছেন বলে। চেলসি আজ ঘরের মাঠে খেলবে সাউদাম্পটনের সঙ্গে, আর নিজেদের মাঠে সিটি সামনে পাবে নিউক্যাসলকে।
লিওনেল মেসিকে কেড়ে নেওয়ার তিন দিনের মধ্যেই নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার কাছেও আততায়ী হয়ে এসেছে চোট। সঙ্গে রাফিনহা-ভারমেলেনরাও চোটের শিকার। এ মৌসুমের সমীকরণটা এখন এমন দাঁড়িয়েছে যে মাঠের বাইরে চলে যাওয়া বার্সা খেলোয়াড়ের সংখ্যা দলটির ম্যাচের সংখ্যার চেয়ে বেশি। গোলরক্ষক বাদে এনরিকে ‘বাছাইযোগ্য’ নিয়মিত খেলোয়াড় পাচ্ছেন ১৪ জন!
ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো অবশ্য এর ইতিবাচক দিকটা খুঁজে পাচ্ছেন, ‘শুধু ১১-১২ জন খেলোয়াড়ই একটা প্রতিযোগিতা জেতায় না, পেছনে রিজার্ভ দলও থাকে। স্বাভাবিক অবস্থায় এ ম্যাচগুলোয় খেলার সুযোগ পেত না এমন খেলোয়াড়েরা এখন সুযোগ পাবে।’ এনরিকের জন্য কিছুটা স্বস্তির হবে ক্লদিও ব্রাভোকে ফিরে পাওয়া। টের স্টেগেনের জায়গায় আজ বার্সার গোলপোস্টে দেখা যেতে পারে চিলিয়ান গোলরক্ষককে।
মেসি-ইনিয়েস্তাবিহীন বার্সাকে জয়ের বন্দরে নেওয়ার দায়িত্বটা চোখ বুজে ‘ত্রাতা’ লুইস সুয়ারেজকে দিতে পারেন এনরিকে। মেসিবিহীন দুই ম্যাচে বার্সাকে উদ্ধার করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার, করেছেন ৩ গোল। এ মৌসুমে সব মিলিয়ে সুয়ারেজের ৬ গোলের প্রতিটিই প্রভাব রেখেছে ম্যাচের ফলে। সুয়ারেজের সঙ্গে নেইমার তো আছেনই।
দুই দলের অতীতের ফলটাও এনরিকেকে স্বস্তি দিতে পারে। ২০০৭ সালের মার্চের পর বার্সাকে লিগে কখনো হারাতে পারেনি সেভিয়া। আন্দালুসিয়ান দলটির মাঠে সর্বশেষ ৮ ম্যাচের পাঁচটিতেই জিতেছে বার্সা। পরিসংখ্যানেই অনুপ্রেরণা পেতে পারে লিগে ১৬তম স্থানে থাকা সেভিয়াও। ঘরের মাঠে বার্সার বিপক্ষে গত মৌসুমে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল উনাই এমেরির দল।
প্রিমিয়ার লিগে ‘দুষ্প্রাপ্য’ জয়ের আশা নিয়েই সাউদাম্পটনের সঙ্গে খেলতে নামছে দুঃস্বপ্নের মতো এক মৌসুম শুরু করা চেলসি। তালিকায় ১৪ নম্বরে থাকা দলটির হয়ে আজ ফিরতে পারেন চ্যাম্পিয়নস লিগের পোর্তো ম্যাচে দলের বাইরে থাকা এডেন হ্যাজার্ড ও নেমানিয়া মাতিচ, ফিরতে পারেন অধিনায়ক জন টেরিও। আর টানা দুই ম্যাচে হারা সিটি ইতিহাদে মুখোমুখি হবে এখনো লিগে জয় না পাওয়া নিউক্যাসলের। এএফপি, ইএসপিএন।