চৌত্রিশের আলভেজের '৩২' অর্জন

খাঁটি হিরে চিনতে মোটেই ভুল হয়নি জুভেন্টাসের। না হলে বার্সেলোনা থেকে ‘বিতাড়িত’ ৩৪ বছরের এক ‘বুড়ো’কে তারা দলে নেয়!
যে যুগে শিরোপা জয়ের পূর্বশর্তই ৫০-৬০ মিলিয়ন ইউরো দামে ফুটবলার কেনা, যখন ১০০ মিলিয়ন ইউরোও ছাড়িয়ে যায় একজন ফুটবলারের দাম, সেই যুগে জুভেন্টাস বিনা ট্রান্সফার ফিতে আনল তাঁকে। দানি আলভেজ, ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইটব্যাক। গত মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর যাঁর সঙ্গে আর সেটি নবায়ন করতে আগ্রহী ছিল না বার্সেলোনা!
কেন? জুভেন্টাস জানত, হাবে ভাবে যেমন, তেমনি মাঠের খেলায়ও বয়সটাকে স্রেফ একটা সংখ্যা প্রমাণের ক্ষমতাটা আলভেজের আছে। আর সঙ্গে করে কাঁড়ি কাঁড়ি শিরোপা জেতার অভিজ্ঞতাও নিয়ে আসবেন ড্রেসিংরুমে।
কী দুর্দান্তভাবেই না জুভেন্টাসের আস্থার প্রতিদান দিলেন আলভেজ! মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পথে সেমিফাইনালে মোনাকোকে বলতে গেলে একাই হারিয়েছেন। দুই লেগে জুভদের ৪ গোলের একটি করেছেন, তিনটি করিয়েছেন। বড় ম্যাচে আলভেজের প্রভাব দেখা গেল গত বুধবারও। লাৎসিওর বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনালে গোল করলেন, জুভেন্টাসও জিতল ২-০ গোলে!
ত্রিমুকুটের পিছু ছুটতে থাকা জুভেন্টাস মৌসুমের প্রথম শিরোপাটা জিতল, আলভেজের ট্রফি ক্যাবিনেটও হলো আরেকটু সমৃদ্ধ। জুভেন্টাসে এটি তাঁর প্রথম শিরোপা। আর বাহিয়া, সেভিয়া, বার্সেলোনা ও জুভেন্টাস মিলিয়ে ক্লাব ক্যারিয়ারের ৩২তম। ভাবা যায়, ব-ত্রি-শ-টি শিরোপা! আগামীকালই ক্রোটনের বিপক্ষে লিগ ম্যাচ জিতলে সংখ্যাটা হয়ে যাবে ৩৩। কাল জিতলে যে ইতালিয়ান লিগও জেতা হয়ে যাবে জুভেন্টাসের। ৩ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সংখ্যাটা ৩৪-ও হয়ে যেতে পারে!
পরের হিসাব পরে। আপাতত আলভেজের ট্রফি ক্যাবিনেটে চোখ ফেরানো যাক। দেশের হয়ে শিরোপা, ব্যক্তিগত পদক বাদ দিলে শুধু ক্লাবে ৩২টি শিরোপা নিয়ে তিনি সমতায় এসেছেন ইব্রাহিমোভিচের সঙ্গে। ক্লাব ক্যারিয়ারের ‘ছোট্ট’ তালিকা ইব্রার—মালমো, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি ও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড! বর্তমান দলের হয়ে ইউরোপা লিগ জিতলে ইব্রারও শিরোপা হবে ৩৩টি।
তা ক্লাব ক্যারিয়ারে এর চেয়ে বেশি শিরোপা আর কারও আছে? আছে, এ মুহূর্তে আলভেজ-ইব্রার চেয়ে বেশি শিরোপা আছে আরও দুজনের। এমনকি লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতলেও তালিকার দুইয়ে থাকা ফুটবলারকে ছোঁয়া হবে না আলভেজের। কে তিনি? রায়ান গিগস! ক্লাব ক্যারিয়ারে ৩৫টি শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ওয়ান-ক্লাব-ম্যানে’র।
ক্লাবের নাম ম্যানচেস্টার ইউনাইটেড বলেই ২৪ বছরের বর্ণিল ক্যারিয়ারে গিগসের এত শিরোপা জেতা স্বাভাবিক। তবে চোখ কপালে তুলে দেবে তালিকায় সবার ওপরে থাকা নামটি। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, ক্রিস্টিয়ানো রোনালদো...যাঁর কথাই মনে আসুক, আপনার অনুমান ভুল। সবার ওপরে ম্যাক্সওয়েল! ক্রুজেইরো, আয়াক্স, ইন্টার মিলান, বার্সেলোনা ও বর্তমানে পিএসজির হয়ে ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফটব্যাকের শিরোপাসংখ্যা ৩৬টি! ডেইলি মিরর।
ক্লাবে সবচেয়ে বেশি ট্রফি যাঁদের
৩৬ ম্যাক্সওয়েল (ক্রুজেইরো–১, আয়াক্স–৬, ইন্টার–৫, বার্সেলোনা–১০, পিএসজি–১৪)
৩৫ রায়ান গিগস (ম্যানচেস্টার ইউনাইটেড–৩৫)
৩২ দানি আলভেজ (বাহিয়া–২, সেভিয়া–৫, বার্সা–২৪, জুভেন্টাস–১)
ইব্রাহিমোভিচ (আয়াক্স–৪, জুভেন্টাস–২*, ইন্টার–৫, বার্সা–৫, মিলান–২, পিএসজি–১২, ইউনাইটেড–২)
২৯ লিওনেল মেসি (বার্সেলোনা–২৯)
২৮ আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা–২৮)
* জুভেন্টাসে দুবার লিগ জিতেছিলেন ইব্রাহিমোভিচ (২০০৪-০৫, ২০০৫-০৬), কিন্তু ফিক্সিংয়ের দায়ে পরে দুটি শিরোপাই কেড়ে নেওয়া হয় জুভেন্টাসের কাছ থেকে।