চ্যাম্পিয়নস ট্রফি করবে বাফুফে?
শীর্ষ লিগের দলগুলোর জন্য ফেডারেশন কাপ হয়ে আসছে আশির দশক থেকে। কিন্তু পেশাদার লিগের দ্বিতীয় স্তরের দলগুলোর জন্য কোনো টুর্নামেন্ট নেই। এটা ঠিক নয় বলেই মনে করেন পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। তাই ভেবে রেখেছেন বাফুফের করণীয়ও। সেটা কী, জানালেন কাল, ‘চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর জন্য আমরা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এটি আমরা চ্যাম্পিয়নশিপ লিগ শুরুর আগেই করতে চাই।’
চ্যাম্পিয়নশিপ লিগ ও প্রিমিয়ার লিগ এবার একই সঙ্গে শুরু হওয়ার কথা। একই সঙ্গে দলবদলও, যেটি হবে ১ থেকে ৩০ এপ্রিল। জুনে ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম মাঠে গড়াবে। নতুন মৌসুমে বিদেশি খেলোয়াড় কোটা কী হবে, ভেন্যুর সংখ্যাই বা কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে পরশু সভায় বসেছিল লিগ কমিটি। ক্লাবগুলো এখানে বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে।
বিদেশি কোটার ব্যাপারে মিশ্র মতামত
মুক্তিযোদ্ধাসহ মাঝারি দলগুলো যেমন বিদেশি কোটা কমানোর পক্ষে। তবে শিরোপাপ্রত্যাশীরা বর্তমান কোটাই বহাল রাখার পক্ষে। দুই মৌসুম ধরে একটা ক্লাব চারজন বিদেশি নিবন্ধন করতে পারে, ম্যাচে খেলতে পারেন তিনজন। বাফুফে এ ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীন।
তবে লিগ কমিটির সভাপতির অভিমত, বিদেশি খেলোয়াড় কোটা কমালে স্থানীয় খেলোয়াড়েরা বেশি সুযোগ পাবেন এবং এটা দেশের ফুটবলের জন্য ভালো ফল বয়ে আনবে। তবে সভায় শেখ রাসেল বলেছে, মানসম্মত খেলোয়াড়ের সংকট থাকায় এখনই কোটা কমালে শিরোপাপ্রত্যাশী দলগুলো সমস্যায় পড়বে। এই যুক্তিও খণ্ডাতে পারছেন না নীতিনির্ধারকেরা।
বিদেশি কোটা অমীমাংসিত রেখেই নতুন মৌসুমের দল গড়তে মাঠে নেমেছে শীর্ষস্থানীয় দলগুলো। গতবার ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, গোপালগঞ্জে খেলা হওয়ায় এই লিগের কিছুটা হলেও বিকেন্দ্রীকরণ করা গিয়েছিল। কিন্তু এক মৌসুম পরই যা শোনা যাচ্ছে, তাতে লিগটা মনে হয় আবার সেই ঢাকায় বন্দী করে ফেলার বন্দোবস্ত চলছে। এ ক্ষেত্রে বাফুফের কোনো শক্ত ভূমিকা নেই। দলগুলোর ওপর তারা সব ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের ক্লাবগুলো ঢাকায় আয়েশ করে খেলতে চায় সব সময়। ঢাকার বাইরে যাওয়ার ‘কষ্ট’ সইতে তারা নারাজ।