চ্যাম্পিয়নস লিগে গোল উৎসবের রাত

কালকের রাতটিকে বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের ‘উৎপাদনশীল’ রাত। যে রাতে ৮টি ম্যাচ দেখেছে ৪৪টি গোল, সে রাতকে তো ‘উৎপাদনশীল’ বলা যেতেই পারে। বায়ার্ন মিউনিখ যেমন হঠাৎ করেই মনে করিয়ে দিয়েছিল বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিপক্ষে জার্মানদের সেমির লড়াইটি। সেই ম্যাচে ব্রাজিলকে যেভাবে অচিন্ত্যনীয় হিংস্রতার সঙ্গে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি, ঠিক তেমনি কাল এএস রোমাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বিশ্বকাপ সেমিফাইনালের সঙ্গে এই ম্যাচের তুলনা হতেই পারে, কারণ এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলা পাঁচ জার্মান ফুটবলার খেলেছেন বায়ার্নের জার্সি গায়ে।
কেবল বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতিজাগানিয়াই নয়। কাল রোমার বিপক্ষে বায়ার্নের ৭-১ গোলের জয় আবারও মনে করিয়ে দিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী এই বায়ার্ন মিউনিখই।
খেলার প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। আরিয়েন রোবেনের জোড়া গোলের সঙ্গে মারিও গোটশে, রবার্ট লেভানডোফস্কি আর টমাস মুলারের একটি করে গোলই প্রথম ৪৫ মিনিটেই শেষ করে দেয় খেলাটি। দ্বিতীয়ার্ধে জারভিনহো রোমার হয়ে একটি গোল শোধ করলেও বায়ার্নের বদলি খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি, জেরদান শাকিরি আরও দুই গোল করে রোমার ললাটে লিখে দেন লজ্জাজনক এক হার।
বায়ার্নের এই বড় জয়ের পাশাপাশি কাল বড় জয় পেয়েছে শাখতার দোনেৎস্ক ও চেলসি। দোনেৎস্ক ৭-০ গোলে হারিয়েছে বাতে বরিসভকে। আর চেলসি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মারিবরকে। দোনেৎস্কের ব্রাজিলীয় ফুটবলার লুইজ আদ্রিয়ানো এই বরিসভের বিপক্ষে করেছেন পাঁচ গোল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনিই দ্বিতীয় খেলোয়াড়, যিনি এক ম্যাচে পাঁচটি গোল পেয়েছেন। প্রথম খেলোয়াড়টি আর কেউ নন, লিওনেল মেসি।
বায়ার্নের বিরাট জয়েও অবশ্য বিনয়টা ঠিকই ধরে রেখেছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, এই পরাজয় নাকি রোমার সঠিক চেহারাটি সবার সামনে তুলে ধরছে না, ‘এই ফল কোনো মতেই রোমার শক্তির প্রতিফলন নয়। এই গোল ব্যবধান দিয়ে মোটেও বায়ার্ন আর রোমার পার্থক্য প্রমাণ করে না।’
চেলসির বিরাট জয়ে জোড়া গোল পেয়েছেন ইডেন হ্যাজার্ড। এ ছাড়া একটি আত্মঘাতীর পাশাপাশি গোল পেয়েছেন লোইক রেমি, দিদিয়ের দ্রগবা, জন টেরি। রেমি, দ্রগবা ও টেরিই চেলসিকে প্রথমার্ধে এগিয়ে দিয়েছিলেন ৩-০ গোলে।
মারিবার বিপক্ষে ম্যাচটা বেশ ‘সিরিয়াসলি’ই নিয়েছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো। সেই সঙ্গে তিনি প্রশংসায় ভাসিয়েছেন তাঁর দলকেও, ‘এই ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়েও একই ধরনের ক্ষুধা ধরে রেখেছিল আমার দলের খেলোয়াড়েরা। দারুণ গতি ও মান দিয়েই আমরা এই ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করেছি।’ সূত্র: এএফপি।