চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপও আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপার হাসি, শিরোপার উচ্ছ্বাস। ছবি: প্রথম আলো
শিরোপার হাসি, শিরোপার উচ্ছ্বাস। ছবি: প্রথম আলো

শেষ বাঁশি বাজতেই আবাহনীর রিজার্ভ বেঞ্চ থেকে ফুটবলার ও কর্মকর্তারা ছুটলেন মাঠের দিকে। কে কাকে কোলে তুলে নেবেন চলতে থাকল সেই প্রতিযোগিতা। ততক্ষণে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন এক উৎসবের মঞ্চ। আক্ষরিক অর্থেই উৎসবের মঞ্চ সাজিয়ে রেখেছিল বাফুফে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে ঝলমলে মঞ্চে পুরস্কৃত করা হয়েছে ইউরোপের লিগের মতো।
আগের ম্যাচেই আবাহনী চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জয় দিয়েই শেষ করতে চেয়েছে আকাশি নীলেরা। পিছিয়ে পড়েও স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোলে সেই জয়টাও তারা পেয়েছে (২-১)। আবাহনীর আনন্দটা তাই আরও বেড়ে গেছে অপরাজিত থাকায়। ২২ ম্যাচে জয় ১৫। ৭টি ড্র। পয়েন্ট ৫২। ৪৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। আবাহনী চ্যা​ম্পিয়ন, আবাহনী রানার্সআপও!
শেখ আশরাফ আলীর নেতৃত্বে এর আগে আবাহনী প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৭ সালে। দীর্ঘ পথ পরিক্রমায় প্রয়াত শেখ কামালের প্রতিষ্ঠিত ক্লাবটির এ মৌসুমে ফেডারেশন কাপও জিতেছে। তিনটি ট্রফির দুটিই ঘরে তোলার নেপথ্য কারিগর জর্জ কোটান। ২০০৩ সালে বাংলাদেশকে সাফ জেতানো এই কোচকে আজ মাথায় তুলে নাচলেন আবাহনীর ফুটবলাররা। সে এক অভাবনীয় দৃশ্য।
তিন লিগ পর পেশাদার লিগে শিরোপা পুনরুদ্ধার দারুণভাবে উপভোগ করলেন দলটির সমর্থকেরাও। পেশাদার লিগের নয় আসরের এটি তাদের পঞ্চম শিরোপা এবং এই লিগে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন।
এই জয়ের সব কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন প্রধান কোচ কোটান, ‘ছেলেদের মধ্যে চেষ্টা ছিল। আর সেটারই ফল আমরা পেয়েছি।’ তবে আবাহনীর শৃঙ্খলা এবং ট্রফি জেতার ইচ্ছাটাও এবার সাফল্যের পেছনে রেখে বড় ভূমিকা।