চ্যাম্পিয়ন রিয়ালকে কি গার্ড অব অনার দেবে আতলেতিকো
এমনকি বার্সেলোনাও অভিনন্দন জানিয়েছে। রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি টুইট করেছে, ‘৩৫তম লা লিগা শিরোপা জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাচ্ছে বার্সেলোনা।’
কিন্তু গতবারের লিগজয়ী আতলেতিকো মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে এখনো কোনো টুইট করেনি।
মাদ্রিদের ওই প্রান্তে প্রতিদ্বন্দ্বিতার আঁচ হয়তো বেশি, তাই! তবে ডিয়েগো সিমিওনের দলের আর কিছুই করার নেই। গতকাল এসপানিওলকে হারিয়ে লিগ জয় নিশ্চিত করেছে রিয়াল। এখন একটি আনুষ্ঠানিকতাই বাকি—গতবারের চ্যাম্পিয়নদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পাওয়া। তা আতলেতিকো কি গার্ড অব অনার দেবে নগর প্রতিদ্বন্দ্বীদের?
লিগে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে গেছে রিয়াল। এই চার ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ—আতলেতিকো মাদ্রিদ, লেভান্তে, কাদিজ ও রিয়াল বেতিস। গার্ড অব অনার কোনো বাধ্যতামূলক নিয়ম না, এমনিতে প্রথা হলো চ্যাম্পিয়ন হওয়ার পর ম্যাচ থাকলে সেসব ম্যাচে প্রতিপক্ষ দল চাইলে গার্ড অব অনার দিতে পারে শিরোপাজয়ী দলকে।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার ‘মাদ্রিদ ডার্বি’তে রিয়ালের মুখোমুখি হবে আতলেতিকো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই ম্যাচ শুরুর আগে আতলেতিকোর খেলোয়াড়েরা নগর প্রতিদ্বন্দ্বীদের কি গার্ড অব অনার দেবে?
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আতলেতিকোর বেশির ভাগ খেলোয়াড়ই রিয়ালকে এই সম্মান দেওয়ার বিপক্ষে।
লা লিগায় কাল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-০ গোলে হারের পর দলটির সেন্টারব্যাক হোসে মারিয়া হিমিনেজ তেমন ইঙ্গিত দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার? তাদের অভিনন্দন জানাই, কিন্তু নিজেদের ভক্তদের প্রতি আমাদের যথেষ্ট সম্মানবোধ রয়েছে।’ আতলেতিকো–সমর্থকদের সঙ্গে রিয়ালের সমর্থকদের বৈরী ইতিহাস এবং সাম্প্রতিক সময়ের প্রতিদ্বন্দ্বিতা বিচারেই সম্ভবত রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে ‘ম্যাট্রেস মেকার্স’রা।
আতলেতিকোর অধিনায়ক ও গোলকিপার ইয়ান ওবলাক জানান, রিয়ালকে গার্ড অব অনার দেওয়া হবে কি না, তা ক্লাবই ঠিক করবে, ‘অধিনায়ক হিসেবে আমি গার্ড অব অনার দেওয়া কিংবা নেওয়া, কোনোটাই পছন্দ করি না। এটা ক্লাবই ঠিক করবে, আর আমরা সেটা মেনে যা করতে হয় সেটাই করব।’
মার্কা জানিয়েছে, বেশির ভাগ সমর্থক যে গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে, তা জানেন আতলেতিকোর কর্মকর্তারা। একে তো মাদ্রিদ ডার্বি, তারওপর চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা এখনো নিশ্চিত করতে পারেনি পয়েন্ট তালিকায় চতুর্থ আতলেতিকো। ন
গর প্রতিদ্বন্দ্বীদের গার্ড অব অনার দেওয়ার চেয়ে এই ম্যাচে জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ সমর্থকদের কাছে। এ মুহূর্তে তাই রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার কোনো পরিকল্পনা নেই আতলেতিকোর, এমনই জানিয়েছে মার্কা।