চ্যাম্পিয়ন স্টেডিয়ামের বাতাসও বিকোচ্ছে হাজার টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে লেস্টারের বাতাস বিক্রির বিজ্ঞাপন। ছবি: ইবে ওয়েবসাইট।
অনলাইনে লেস্টারের বাতাস বিক্রির বিজ্ঞাপন। ছবি: ইবে ওয়েবসাইট।

কয়েক মাস আগে বললেও কথাটা অবিশ্বাস্য শোনাত। বাতাসও নাকি বিক্রি করার বিষয়! গত বছরের শেষ দিকে কানাডার একটি প্রতিষ্ঠান বোতলে করে বিশুদ্ধ বাতাস বিক্রি করা শুরু করেছিল। মানববসতি নেই এমন বন থেকে বাতাস ভরে এনে বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোতে বিক্রি করা হচ্ছিল। তাই বলে ফুটবলেও এভাবে বাতাস বিক্রির ধারণা এসে যাবে, কে ভেবেছিল!

অনলাইনে কেনাকাটার জন্য বিখ্যাত ওয়েবসাইট ইবে-তে ঢুকলে এই চমকটাই অপেক্ষা করবে আপনার জন্য। স্টেডিয়ামের বাতাস ক্লিপ লাগানো বোতলে ভর্তি করে বিক্রি করছেন এক লেস্টার সিটি সমর্থক। এই বাতাস অবশ্য বিশুদ্ধতার ছোঁয়া দিতে নয়, বরং আসছে সুখস্মৃতি হিসেবে। বিক্রিও হচ্ছে, ১০ বোতল বাতাস বিক্রি করার ঘোষণা দিয়ে ইবে-তে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই লেস্টার সমর্থক, এরই মধ্যে নাকি দুই বোতল বিক্রিও হয়ে গেছে।
গোলমেলে লাগতে পারে, তবে এটা সত্যি ঘটনা। প্রিমিয়ার লিগে এবার রূপকথা লিখে চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার, সেটিরই ‘স্যুভেনির’ হিসেবে বিপণন তালিকায় উঠে এসেছে তাদের কিং পাওয়ার স্টেডিয়ামের বাতাস। মৌসুমের শেষ ‘হোম’ ম্যাচে এভারটনের সঙ্গে জয়ের দিনে লেস্টারের হাতে তুলে দেওয়া হয় প্রিমিয়ার লিগ শিরোপা। সেদিন বেশ ঘটা করে উদযাপনও করেছিল ক্লদিও রানিয়েরির দল। উৎসব মুখর স্টেডিয়ামের সেদিনের বাতাসই বোতলে ভরে বিক্রি করা হচ্ছে, চ্যাম্পিয়নদের সুবাস দিতে।

.
.

রানিয়েরি, মাহরেজ, ভার্ডিরা যে বাতাসে নিশ্বাস নিয়েছেন, ‘বিখ্যাত’ সেই বাতাসের দাম হাঁকানো শুরু হওয়ার কথা ৫ পাউন্ড থেকে। কিন্তু যে দুই বোতল বিক্রি করা হয়েছে, তার দাম কত উঠেছে জানেন? ৩০ পাউন্ড! বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার! চ্যাম্পিয়ন বলে কথা!
ছবি বিক্রি হয়, ভিডিও-ও বিক্রি হয়, খেলোয়াড়দের জার্সি, ক্লাবের স্কার্ফও থাকতে পারে ‘স্যুভেনিরে’র তালিকায়, তাই বলে বাতাস! লেস্টারের প্রিমিয়ার লিগ জয় রূপকথার মতো ছিল, তার পরের গল্পগুলোও কি কম চমক দিচ্ছে? সূত্র: গোলডটকম।