
তিনিই হতে পারতেন স্পেনের নায়ক। সেন্ট ডেনিসে কাল ইতালির বিপক্ষে এত দারুণ সব সেভ করেছেন ডেভিড ডি গিয়া। কিন্তু দিন শেষে স্প্যানিশ গোলরক্ষকের ভূমিকাটা কিনা খলনায়কের! স্পেন প্রথম গোলটা খেল তো তাঁর ভুলেই। যার চড়া মূল্যও দিতে হয়েছে স্পেনকে। ৩৩ মিনিটে জর্জো কিয়েলিনির করা গোলের সঙ্গে যোগ হওয়া সময়ে গ্রাজিয়ানো পেল্লের আরও এক গোল। ২-০ গোলে ইউরোর শেষ ষোলোর ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইতালি। হেরে ইউরো থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সর্বশেষ ইউরোর ফাইনালে এই স্পেনের কাছেই ৪-০ গোলের হারের বদলাও হয়ে গেল আজ্জুরিদের।
বড় টুর্নামেন্টে স্পেনকে হারানোর স্মৃতিটা যেন ভুলতেই বসেছিল ইতালি। গত ইউরোর ফাইনাল তো আছেই, একই টুর্নামেন্টের গ্রুপ পর্বে এবং পরের বছর কনফেডারেশনস কাপেও জিততে পারেনি ইতালি। প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের বিপক্ষে ইতালির সর্বশেষ জয়টা ছিল সেই ১৯৯৪ বিশ্বকাপে। অবশেষে কাল ফুরাল ইতালির ২২ বছরের প্রতীক্ষা!
শুরু থেকেই দারুণ সব আক্রমণে স্পেনকে অস্থির করে তোলে ইতালি। তবে সব আক্রমণেই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ান ডি গিয়া। নবম মিনিটেই পেল্লের দুর্দান্ত হেড ঠেকিয়েছেন, দুই মিনিট পর জাকেরিনির বাইসাইকেল-কিক। কিন্তু ৩৩ মিনিটে আর পারলেন না। এডারের বুলেটগতির ফ্রি-কিক ঠেকিয়ে দিলেও বলটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি ডি গিয়া, ফিরতি শটে গোল করে ইতালিকে এগিয়ে দেন কিয়েলিনি। ওই ভুলের পরও অবশ্য দারুণ খেলেছেন ডি গিয়া, ৫৬ মিনিটে এডারের সামনে ওয়ান-টু-ওয়ান হয়ে গিয়েও গোল বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে একটা ভুল, সেটি আর শোধরাতে পারেননি স্পেনের কেউ। উল্টো শেষ মুহূর্তে আরও এক গোল করে ব্যবধান বাড়ায় ইতালি। সনি সিক্স।