চ্যাম্পিয়নদের উৎসব দেখতে উদ্‌গ্রীব হয়ে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত প্রায় এক মাস আমার দৈনিক রুটিনে কিছুটা পরিবর্তন এসেছে। ইউরোর খেলা থাকলে ভোর পাঁচ টার আগে ঘুমানো হয়নি। সানন্দেই নির্ঘুম রাত মেনে নিয়েছি। আজ সেই রাত জাগার পালা আপাতত শেষ।

উদ্‌গ্রীব হয়ে আছি চ্যাম্পিয়নদের উৎসব দেখতে। কারা হবে সেই দল? ইতালি না ইংল্যান্ড? বলা কঠিন। আসলে যে কেউ জিততে পারে। এই ফাইনালটা নিয়ে অনুমান করতে যাওয়া হবে বোকামি। ইংরেজিতে যেমন বলা হয়, ‘দ্য নাইট উইল ডিসাইড’ বা ‘অন দ্য ডে’। অর্থাৎ নির্দিষ্ট দিনে ভালো করবে যারা, জয় তাদেরই।

তবে বেলজিয়ামের বিপক্ষে শেষ আটে যেভাবে খেলেছে ইতালি, সেটি আবার খেলতে পারলে ইতালির সম্ভাবনা বেশি। অন্যদিকে ইংল্যান্ডকেও পিছিয়ে রাখা যাবে না। গ্যারেথ সাউথগেটের দলের অতিরিক্ত খেলোয়াড় তালিকাও অনেক শক্তিশালী। সেই সঙ্গে ওয়েম্বলির মতো বিখ্যাত মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে পারলে স্বাগতিক ইংল্যান্ড পৌঁছাতে পারে চূড়ান্ত লক্ষ্যে।

আমাদের যেমন বঙ্গবন্ধু স্টেডিয়াম, ইংল্যান্ডেরও তেমন ওয়েম্বলি। এই মাঠে ফুটবল ম্যাচ ও গানের কনসার্ট দেখার সুযোগ হয়েছে আমার। স্টেডিয়ামটির ভেতরে ঢুকলে মনে হয় ব্রিটিশ ফুটবলের তীর্থকেন্দ্রে এসে পড়েছি। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল এই মাঠেই। সুতরা ওয়েম্বলি-আবেগ আজ ফাইনালে বড় একটা শক্তি হতে পারে ইল্যান্ডের।

১৯৬৬ সালে ইংল্যান্ডের সেই বিশ্বকাপ জয়ের সময় আমি ছোট ছিলাম। ওই ফাইনালটা পরে ভিডিওতে দেখেছি। ১৯৭৪ সালে আইরিশ কোচ বিল হার্ট আবাহনীর কোচ হওয়ার পর ইউরোপের বিভিন্ন ম্যাচের ভিডিও দেখানো হতো আমাদের। খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই আমি ইউরোপের ফুটবলের সঙ্গে পরিচিত। যা-ই হোক, ৫৫ বছর পর বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠে আজকের রাতটা স্মরণীয় করে রাখতে চাইবে ইংল্যান্ড। গ্যালারিতে ৬০ হাজার দর্শকের বেশির ভাগই গলা ফাটাবে হ্যারি কেইনদের জন্য। কিন্তু ব্রিটিশ জনতার যাবতীয় আবেগ, উচ্ছ্বাস থামিয়ে ইতালি চাইবে শিরোপা নিজ দেশে নিতে। এই ইতালির সেই সামর্থ্যও রয়েছে।

দুই দলেরই আছে ম্যাচ জেতানোর মতো বেশ কয়েকজন ফুটবলার। তবে আমি মনে করি, আজ ফাইনালে জয়-পরাজয় নির্ধারণে দুই গোলকিপার নিতে পারে বড় ভূমিকা। টুর্নামেন্টজুড়ে বেশ কিছু ভালো সেভ, ভালো গোলকিপিং দেখছি। দেখেছি ভালো রক্ষণও। এই ইউরোতে সেমিফাইনালের আগপর্যন্ত অপরাজিত থেকে ইংল্যান্ড কোনো গোল খায়নি। সেই অহংকার গুঁড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের জালে বল পাঠায় ডেনমার্ক।

ফল যা-ই হোক, আমরা একটি উপভোগ্য ফাইনাল দেখতে চাই। ফাইনালের আগপর্যন্ত এই ইউরোর ৯০ শতাংশ ম্যাচ দেখে আমার মনে হয়েছে, ইউরোর খেলার মান আরও বেড়েছে। রীতিমতো বোকা বনে গিয়েছি এই ইউরোতে ফুটবলারদের ফিটনেস দেখে। করোনার মধ্যেও এত ভালো ফিটনেস সত্যিই মুগ্ধ হওয়ার মতো। ইউরোপের দলগুলো করোনাকে হার মানিয়ে নিজেদের ফিটনেসের কাজটা ঠিকই করে গেছে।

একই সময়ে চলেছে আরেকটি টুর্নামেন্ট, যার নাম কোপা আমেরিকা। কোপায় ফুটবলারদের ফিটনেস একটু কমই মনে হয়েছে। লাতিন ঘরানায় বেশির ভাগই ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলা। তাই ইউরোর ম্যাচের চেয়ে কোপার ম্যাচের মেজাজ আলাদা। দুটি দুই ধরনের ফুটবল। নেইমার কোপা মাতালেও দেখবেন ইউরোপের ফুটবলে সে মহাতারকা হিসেবে সবাইকে ছাপিয়ে যেতে পারেনি। কারণ, ইউরোপে আছে অনেক অনেক তারকা। যাঁরা দলকে টেনে নিতে পারেন অনেক দূর।

কোপায় ব্রাজিল দলটা দেখলাম। কিন্তু ব্রাজিলের খেলা দেখে উচ্ছ্বসিত হতে পারিনি। তিতের দল ভালো খেলছে ঠিক আছে। কিন্তু মহাদেশীয় এই টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ দলগুলো তুলনামূলক দুর্বল, ইউরোপে তা নয়। আমরা আবাহনীর জার্সিতে মোহামেডানকে হারালে তবেই মনে হতো সামর্থ্যের ষোলো আনা প্রমাণ দিতে পেরেছি। ছোট দলের সঙ্গে জিতলে কোথাও মনে হয় আসল পরীক্ষাটা দেওয়া বাকি। কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা, মেসি বা নেইমারদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।

ইউরোপের ম্যাচগুলো এমনিতে তীব্র গতিসম্পন্ন, তার ওপর এই টুর্নামেন্টে দেখলাম গতিটা আরও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে ইউরোতে বড় পরিবর্তন খেলার ধরনেও। অনেক বেশি পাস হচ্ছে ম্যাচে। পাসের নিশানা এবং নিয়ন্ত্রণও দেখার মতো। ইউরোতে বল পজেশনও বেশি রেখেছে কোনো কোনো দল। তবে এত বেশি বল পজেশন রেখে লাভ নেই যদি না ম্যাচ জেতা যায়। সেমিফাইনালে ইতালির বিপক্ষে ৭১ শতাংশ বল পজেশন রেখেও কী লাভ হলো, সেটিই বোধ হয় এখন ভাবছেন স্পেনের কোচ লুইস এনরিকে!

সর্বশেষ গত ২৯ মে পর্তুগালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্মৃতিটা এখনো তাজা। চেলসির বিপক্ষে সেদিন অনেক বেশি বল পজেশন রেখেও মুখ কালো করে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এই ইউরোতেও একই পরিণত হলো স্পেনের কোচ এনরিকের। সত্যি বলতে বল পজেশন বেশি রাখার কোনো মানে নেই। বরং ম্যাচ পরিস্থিতি বুঝে ‘ডিরেক্ট ফুটবলই’ বেশি কার্যকর। ইংল্যান্ড, বেলজিয়ামের মতো দলগুলো এভাবেই বেশি খেলে।

ইউরোপের দলগুলো অনেক বেশি পজেশনাল ফুটবলে মনোযোগী হয়েছে। টেকনিক্যালিও অনেক উন্নতি করেছে খেলোয়াড়েরা। প্রায় সব বিভাগেই ইউরোপের ফুটবল এগিয়েছে। খেলার সামগ্রিক মান খুব ভালো। ইউরোপের ফুটবল অন্য মহাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে—কথাটা আলাদাভাবে বলতেই হবে।

ইউরোর মঞ্চে বড়-ছোটর ব্যবধানও অনেক কমে এসেছে। এই টুর্নামেন্টে ডেনমার্কের সেমিফাইনাল খেলা সেটিরই প্রমাণ। সুইডেন, চেক প্রজাতন্ত্রের মতো দলগুলোর খেলা দেখে বুঝেছি, মাঠে দাঁতে দাঁত চেপে লড়াই কাকে বলে। কোপার দলগুলোকে আপনি হয়তো ১০ নম্বরের মধ্যে সর্বনিম্ন ৪-ও দিতে পারেন, সর্বোচ্চ ৮-৯। কিন্তু ইউরোতে দলগুলোর মধ্যে পার্থক্য এত বিশাল নয়। এই টুর্নামেন্টে ৮-এর নিচে কাউকে দেওয়া যাবে না। ১০-এ ১০ পাবে কয়েকটি দল। এতেই বোঝা যায় ইউরোপের দলগুলো কতটা কাছাকাছি। যেন একে অন্যের ঘাড়ের ওপর ফেলে গরম নিশ্বাস। তাই ম্যাচগুলো হয় অনেক বেশি জমজমাট এবং আকর্ষণীয়।

ফাইনালের আগপর্যন্ত ৫০টি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি শেষ আটে ইতালি-বেলজিয়াম ম্যাচ দেখে। সেদিন ফিফার তালিকার এক নম্বর দল বেলজিয়াম হারেনি, আসলে ইতালি জিতেছে। বেলজিয়ামের একটা প্রজন্ম এসেছে, দেশকে স্বপ্ন দেখাচ্ছে। লকাকু বা হ্যাজার্ডদের হাত ধরে বেলজিয়াম বিশ্ব চ্যাম্পিয়ন বা ইউরোপসেরা হতে চায়। কিন্তু হতে পারেনি এখন পর্যন্ত। অন্যদিকে ইতালিকে স্বপ্ন দেখায় প্রজন্মের পর প্রজন্ম। শীর্ষ স্তরে বেলজিয়াম যদি ‘শিশু’ হয়, ইতালিকে বলব ‘পরিণত যুবক’। ম্যাচটার স্মৃতি অনেক দিন মনে রাখব।

ঐতিহ্যগতভাবেই রক্ষণ জমাট রেখে খেলে ইতালি। কিন্তু এবারের ইউরোর ইতালি আক্রমণেও বেশি উঠছে, যা দেখে ভালো লেগেছে। অতীতে ইউরোতে আজ্জুরিরা কখনো এক ম্যাচে দুটির বেশি গোল করতে পারেনি। এই ইউরোতে দুই ম্যাচে তারা ৩-০ গোলে জিতেছে। ৬ ম্যাচে করেছে ১২ গোল। ইতালির চেয়ে শুধু স্পেনই বেশি গোল করেছে (১৩টি)। স্পেন ছাড়া সবচেয়ে বেশি আক্রমণও ইতালির। ওরা গোলের চেষ্টা করেছে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ বার, স্পেনে সর্বোচ্চ ১১১ বার।

ইতালি গত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারার হতাশা মুছে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দলে ভালো ফুটবলারের সংখ্যা বেড়েছে। প্রশ্ন আসতে পারে ইতালি দলে আগে কি ভালো খেলোয়াড় ছিল না? অবশ্যই ছিল। তবে এখন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গতির ফুটবলার পাচ্ছে ইতালি। কোচ রবার্তো মানচিনি এই ইতালিকে আক্রমণাত্মক রূপ দিয়েছেন। দলে মহাতারকা নেই তো কি, একটা দল হিসেবে ইতালি খেলেছে। ফাইনালের আগপর্যন্ত সেরা দল মনে হয়েছে ইতালিকেই।

রবার্তো মানচিনির দল প্রশংসা পেয়েছে। শেষটা ম্যাচেও কি প্রশংসা পাবে? নাকি ইংল্যান্ড হাসবে ৫৫ বছর পর? দেখাই যাক।

কাজী সালাউদ্দিন : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক ফুটবলার