চ্যাম্পিয়নদের এমন শুরু!

ড্রেসিংরুমে তাঁর উপস্থিতিকে কেউ তুলনা করেন একনায়কের সঙ্গে। অনেকের কাছে তিনি জাঁদরেল সেনাপতি, অনুশীলন এবং কঠিন অনুশীলনে যিনি দলকে ব্যস্ত রাখেন। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, আন্তোনিও কন্তে কখনো হতবুদ্ধি হন না। সব বিরূপ পরিস্থিতির সমাধান যাঁর কাছে থাকে, হয়তো এ কারণেই তাঁর ডাকনাম ‘দ্য গডফাদার’।
সেই গডফাদার ২০১৭-১৮ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হতবুদ্ধি হয়ে পড়লেন। ডাগ আউটে যেখানে সব সময় তাঁর সরব উপস্থিতি, সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মাঠেও তার প্রমাণ। গত মৌসুমের প্রবল প্রতাপশালী চেলসি মুখ থুবড়ে পড়েছে প্রথম ম্যাচেই। বার্নলির সঙ্গে প্রথমার্ধেই হজম করেছে তিন গোল, হেরেছে ৩-২ ব্যবধানে।
ম্যাচ-পরবর্তী ব্রিফিংয়ে অবশ্য ‘প্রত্যয়ী’ কন্তেই এসেছেন। স্বীকার করেছেন, হয়তো নতুন কোনো কৌশল নিয়ে ফিরতে হবে পরবর্তী ম্যাচে। সে তিনি ভালোই পারেন। ফুটবল-কৌশলে বাতিল হয়ে পড়া ৩-৪-৩ ফর্মেশনকে আবারও জনপ্রিয় করার পেছনে তাঁর অবদান নেহাত কম নয়।
‘আজ আমি দলের দুটো চেহারা দেখেছি, বিরতির আগে এবং পরে। বিরতির আগেরটা খারাপ, লাল কার্ড দেখার পর আমরা অস্থির হয়ে পড়েছি। এটা শোধরাতে হবে, কারণ এমন পরিস্থিতি আসতেই পারে,’ বলেছেন কন্তে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১৪ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার গ্যারি কাহিল। স্যাম ভোকসের ২ আর স্টিফেন ওয়ার্ডের ১ গোলে ৩-০-তে পিছিয়ে পড়ে ব্লুরা। কন্তের দুশ্চিন্তা আছে এখানে, ‘সর্বশেষ ৩ ম্যাচেই আমরা লাল কার্ড দেখেছি, আর্সেনালের সঙ্গে দুবার ১০ জন আর আজ ৯ জনের দল নিয়ে খেলতে হয়েছে। আমাকে ১০ এবং ৯ জনের ফর্মেশন নিয়ে গবেষণা করতে হবে। নিয়মিত এমন হলে তো টেনশন হবেই।’
দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। আগ্রাসী চেলসি দ্বিতীয় গোল আদায় করেছে এরপরই।
তবে আলো ছড়িয়েছেন অভিষিক্ত আলভারো মোরাতা। মাঠে নামার নয় মিনিটে তুলে নিয়েছেন গোল, ভূমিকা রেখেছেন ডেভিড লুইজের গোলেও। কমিউনিটি শিল্ড ব্যর্থতার সমালোচকদের কড়া জবাব দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
মাত্র তো লিগের প্রথম ম্যাচ। এখনই চেলসিকে বাদ দেবেন না যেন। গত মৌসুমে আর্সেনালের সঙ্গে ৩-০-তে হারার পরই কিন্তু টানা ১৩ ম্যাচ জিতেছিল কন্তে-বাহিনী। সূত্র: এএফপি, গার্ডিয়ান।