চ্যাম্পিয়নদের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আফ্রিকান নেশনস কাপ শুধু হতাশাই উপহার দিচ্ছে। মূল আকর্ষণ রিয়াদ মাহরেজ, পিয়েরে অবামেয়াংরা বিদায় বলেছেন আগেই। পরশু প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্টও। কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন আইভরিয়ান ফরোয়ার্ড সলোমন কালু।
বিদায়ী ম্যাচে সর্বোচ্চ চেষ্টাই করেছেন সাবেক চেলসি ফরোয়ার্ড। একবার সতীর্থ উইলফ্রায়েড জাহাকে গোলের সুবর্ণ সুযোগ করে দিয়েছিলেন। আরেকবার তো পোস্টে লেগেছে কালুর হেড। দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন কালু। কিন্তু ম্যাচসেরা পারফরম্যান্সকে তাঁর বিদায়ী স্মৃতি বানিয়ে দিয়েছেন রাশিদ আলুয়ি। ফ্রান্সের দ্বিতীয় বিভাগে খেলা এই স্ট্রাইকারের ৩৫ মিটার দূর থেকে করা গোলে এগিয়ে যায় মরক্কো। ৬৫ মিনিটের এই গোল আর ফেরত দিতে পারেনি আইভরিকোস্ট। কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে ফিরল গতবারের চ্যাম্পিয়নরা।
টানা চতুর্থ দল হিসেবে আফ্রিকান নেশনস কাপের গ্রুপ পর্ব পেরোতে পারল না আগের আসরের শিরোপাজয়ী দল। তবে আইভরিকোস্ট চাইলে কিছুটা দায় হার্ভে রেনার্ডের ঘাড়েও চাপাতে পারে। মরক্কোর বর্তমান কোচই যে ২০১৫ সালে চ্যাম্পিয়ন করেছিলেন আইভরিয়ানদের। এবার মরক্কোকে নিয়েও সে স্বপ্ন দেখছেন রেনার্ড। শিরোপা জিতলে চার দশকের দুঃখটা ঘুচবে পূর্ব আফ্রিকার দেশটির। ১৯৭৬ সালের পর থেকেই যে মহাদেশের সেরা হতে পারছে না মরক্কো।
এর আগে অবশ্য কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে হবে তাদের। শেষ আটে মরক্কোর প্রতিপক্ষ ঘানা না মিসর, সেটি জানা যাবে আজ। এএফপি।