চ্যাম্পিয়নদের বিদায় করার পুরস্কার 'ডিম'

>জার্মানিকে হারিয়ে দেওয়ার পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়া। ইনচনে তাদের দিকে ছোড়া হয়েছে ডিম
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটার জন্ম কিন্তু দিয়েছে তারাই। দেশে ফিরে কোথায় তারা সংবর্ধনা পাবে, না তাদের দিকে ছোড়া হয়েছে ডিম!
গতকালকের ঘটনা এটি। কোরীয় দল ইনচনের বিমানবন্দরে নামার পর কিছু সমর্থক তাদের দিকে ডিম ছুড়ে মারে। বিমানবন্দরে শ পাঁচেক সমর্থক জড়ো হয়েছিল। তারা অবশ্য এসেছিল দলকে সংবর্ধনা জানাতেই। এর মধ্যেই গুটিকয়েক উচ্ছৃঙ্খল দর্শকের কাছ থেকে ডিম-সন্ত্রাসের শিকার হয় কোরিয়া দল।
দক্ষিণ কোরিয়ায় সমর্থকদের এমন কাণ্ড নতুন নয়। গত ব্রাজিল বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই দেশে ফেরার পর খেলোয়াড়দের ওপর টফি ছোড়া হয়েছিল। কোরিয়ায় কাউকে অসম্মান করতে টফি ছোড়া হয়। গতবারের টফির পর এবার ডিম।
এত কিছুর পরেও অধিনায়ক সন সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন, ‘আমি জুলাই মাসের আগে বাড়িতে আসতে চাইনি। কিন্তু হতাশাজনকভাবে জুনের মধ্যেই চলে আসত হলো। আমরা দুঃখিত নকআউট পর্বে খেলার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমরা রাখতে পারেনি। তবে আপনাদের ধন্যবাদ। আপনাদের সমর্থন ছাড়া জার্মানিকে হারানোর মতো অলৌকিক কাজটা করতে পারতাম না আমরা।’