চ্যাম্পিয়নদের বৃষ্টিস্নাত শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যাত্রায় ল্যান্ডিংকে (৭ নম্বর হলুদ জার্সি) হয়তো রুখে দিতে পারল ফরাশগঞ্জের রক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত গাম্বিয়ান স্ট্রাইকারকে আটকানো যায়নি। তাঁর জোড়া গোলেই বড় জয় পেয়েছে শেখ জামাল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l বাফুফের সৌজন্যে
এ যাত্রায় ল্যান্ডিংকে (৭ নম্বর হলুদ জার্সি) হয়তো রুখে দিতে পারল ফরাশগঞ্জের রক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত গাম্বিয়ান স্ট্রাইকারকে আটকানো যায়নি। তাঁর জোড়া গোলেই বড় জয় পেয়েছে শেখ জামাল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l বাফুফের সৌজন্যে

নিজেরা গোল করার আগেই গোলটা খেয়ে গেল শেখ জামাল। বড় দল গোল খাওয়া মানে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠারই আভাস। চিত্রনাট্য সেভাবেই এগিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচটা হলো একপেশে।
দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে প্রাণপণ চেষ্টা করেছেন গোলরক্ষক সুজন। গোটা চারেক দুর্দান্ত সেভ করলেন। কিন্তু তাঁর দল বৃষ্টিস্নাত সন্ধ্যায় শেষ পর্যন্ত ৪-১ গোলে হার মানল অনভিজ্ঞতা আর শেখ জামালের দলীয় শক্তির কাছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই চোখ যাচ্ছিল রেফারি মিজানুর রহমানের দিকে। ব্রাজিল বিশ্বকাপে রেফারির ব্যবহার করা স্প্রে বাংলাদেশের শীর্ষ লিগে কালই প্রথম প্রয়োগ হলো। তবে বক্সের আশপাশে ফ্রিকিক দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি নতুন এক ধারাই যেন শুরু করলেন এদিন।
সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাংলাদেশ দল অহেতুক বক্সের বাইরে ফ্রিকিক উপহার দিয়ে সর্বনাশ করেছে নিজেদের। দুই ম্যাচে ৮ গোলের গোটা চারেক হয়েছে শুধুই ফ্রিকিকে (৬টি সেটপিসে)। এটা দেখে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন রেফারিদের প্রতি কড়া বার্তা পাঠিয়েছেন, বক্সের আশেপাশে ফাউল হলে আর ভয় পাওয়া যাবে না। ফ্রিকিক দিতেই হবে।
মিজান সেই সুযোগ নিয়ে ম্যাচ আট মিনিট গড়াতেই শেখ জামালের বিপক্ষে দিলেন সাহসী এক পেনাল্টি। অন্য সময় হলে হয়তো বক্সে পিটারকে যেভাবে কেষ্ট কুমার টেনে ফেলে দিলেন, তা এড়িয়ে যেতেন রেফারি। এদিন সেটা হয়নি এবং পেনাল্টি থেকে ফরাশগঞ্জকে এগিয়ে নেন পিটার।
গত মৌসুমে শেখ জামালের সবচেয়ে বড় তাস সনি নর্দে এবার নেই। এমেকা আছেন এবং গতবার তাঁর ফিটনেস ছিলে অনেক বেশি। আপুসির শেখ জামাল পেছন থেকে খুব বেশি বিল্ডআপ না খেলে লম্বা বল বাড়াত তাঁকে। গোলও পেয়েছেন অনেক। এবার মারুফুল হকের শেখ জামাল নিচ থেকেই খেলাটা গড়ার দিকে জোর দিচ্ছে বেশি। আগের তুলনায় একটু ফিটনেস হারানো এমেকার গোলক্ষুধাও যেন কমেছে। গোল তিনি পেলেন না।
তাতে সমস্যা হয়নি। দুই পাশ থেকে প্রচুর ক্রস গেল ফরাশঞ্জের বক্সে, ১৫ মিনিটে তারই একটি কাজে লাগিয়ে ১-১ করলেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন। ভারপ্রাপ্ত অধিনায়ক ইয়ামিনের ক্রসে প্রতিপক্ষের অফসাইডের ফাঁদ এড়িয়ে তাঁর দারুণ শট জালে। ক্রসের অপেক্ষায় না থেকে বক্সে ঢুকেছেন বারবারই। সনি, এমেকা, ওয়েডসন—গতবারের ত্রয়ীর অন্যতম ওয়েডসনকে বেশ চটপটেই লাগল।
সনির জায়গায় আসা ল্যান্ডিং ১৭ মিনিটে ২-১ করেন। ফ্রিকিকটা প্রথমবার দিয়ে জালে পাঠিয়েছেন মাটি ঘেঁষে। সুজনের হাতে বল লাগলেও গতিপথ পাল্টায়নি। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটাও গাম্বিয়ান এই ফরোয়ার্ডের। ক্রস বাড়িয়ে এটিও করালেন ইয়ামিন। প্রায় গোটা ম্যাচেই ফরাশগঞ্জের দুই উইং ব্যাকের জায়গাটা ভালোভাবে কাজে লাগাল চ্যাম্পিয়নরা। বড় দলের সঙ্গে ইতিবাচক খেলেও তাদের উইং ব্যাকরা নামতে পারছিল না সময়মতো। তারই ফাঁক গলে বক্সের বাইরে থেকে মামুনুল দারুণ এক শটে ৭৫ মিনিটে করেন ৩-১।
নাসির, সোহেল রানা, রায়হান ছিলেন না শেখ জামালের খেলোয়াড় তালিকায়। তবু প্রথম মিনিট বিশেক পরই নামা তুমুল বৃষ্টির মধ্যে এল সহজ জয়ই। যদিও এক মাস পর খেলতে নামা দলের মধ্যে একটু জড়তা ছিলই, যা মারুফকে নিশ্চিতভাবেই সন্তুষ্ট করতে পারেনি।
তাতে কী! বড় জয়ে শুরু করাই বড় স্বস্তির।