চ্যাম্পিয়নদের শুরু চ্যাম্পিয়নের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগাস্টিন ওয়ালসনের গোল উদ্‌যাপনে অংশ নিতে দৌড়ে আসছেন সতীর্থরা। ওয়ালসনের জোড়া গোলেই কাল চট্টগ্রাম আবাহনী হারাল আফগানিস্তানের শাহিন আসমায়ি এফসিকে l প্রথম আলো
অগাস্টিন ওয়ালসনের গোল উদ্‌যাপনে অংশ নিতে দৌড়ে আসছেন সতীর্থরা। ওয়ালসনের জোড়া গোলেই কাল চট্টগ্রাম আবাহনী হারাল আফগানিস্তানের শাহিন আসমায়ি এফসিকে l প্রথম আলো

শুরুর ঝলকই বলে দিচ্ছিল সন্ধ্যাটি তাঁর। আবার দ্বিতীয় মিনিটে তাঁর শট ক্রসবারে লেগে গোলবঞ্চিত হওয়াটা হতাশাবাদীদের কাছে মনে হচ্ছিল ‘কুফা’। তবে পরের পক্ষটিকে মিথ্যা প্রমাণ করতে সময় নিলেন না হাইতির অগাস্টিন ওয়ালসন। তাঁর দুটি গোলের সৌজন্যেই ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী শেষ পর্যন্ত জিতল ৩-১ গোলে।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের চলমান আসরে এটি স্বাগতিক কোনো ক্লাব দলের প্রথম গোল এবং প্রথম জয়। তবে অবাক করার বিষয়, ঘরের মাঠে চ্যাম্পিয়ন দলটির খেলা দেখতেও দর্শকের আগ্রহ জাগল না! দায় দর্শকদেরই, নাকি আয়োজকদের ব্যর্থতা?
সে তর্ক তোলা থাক। ম্যাচের প্রসঙ্গে আসা যাক। দ্বিতীয় মিনিটে ওয়ালসনের শট ক্রসবার চুমু খেয়ে চলে যাওয়ার তিন মিনিট পর মামুনুলের শট আফগান ক্লাবটির গোলরক্ষক দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন।
তবে ২৪ মিনিটে আর বিমুখ হতে হয়নি। মামুনের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে ওয়ালসন টোকা দিয়ে জালে জড়িয়ে দেন বল (১-০)। গোল খেয়ে মরিয়া শাহিন আসমাইকে রুখাই দায় হয়ে পড়ে তখন। গোল শোধের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৩৮ মিনিটে সামানদারির জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের ড্রিবলিং, গতি আর টেকনিকের এক অনন্য প্রদর্শনীতে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল।
তবে ৪০ মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-০ করে ফেলেন কিংসলে চিগোজিক। শট নেওয়ার আগে তাঁকে বলটির জোগান দিয়েছিলেন ওয়ালসন।
দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় শাহিন এফসি। ৫৮ মিনিটে হোমাউনির ক্রস পেয়ে আবাহনীর জালে বল পাঠান নাসির হোসাইনি (২-১)। একের পর এক আফগান আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম আবাহনীকে। ৬৯ মিনিটে ফাইজের শট কোনো রকমে রক্ষা করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম। এই অর্ধে সবচেয়ে ব্যস্ত সময় গেছে রক্ষণভাগের খেলোয়াড়দের।
তবে স্রোতের বিপরীতে আরেকটি গোল খেয়ে নিভে যায় আফগান আশা। এখানেও ওয়ালসন, তাঁর সঙ্গী ছিলেন এনকোচা কিংসলে। বদলি সোহেল রানার থ্রু পাসে বল পান কিংসলে। বক্সে ঢোকার মুখে তাঁকে ডিফেন্ডার ফেলে দেন। কিন্তু ফাঁকায় বল পেয়ে ব্রাদার্স থেকে অতিথি হয়ে আসা ওয়ালসন জালে পাঠাতে ভুল করেননি (৩-১)। ম্যাচসেরাও তিনি।
তবে নিজের দল জিতলেও প্রতিপক্ষের খেলার প্রশংসাই ঝরেছে চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারীর কণ্ঠে, ‘ওরা আমাদের চেয়ে ভালো দল। বলও ওরা বেশি পায়ে রেখেছে। কঠিন একটি ম্যাচ ছিল। তবে ডিফারেন্স ছিল আমাদের বিদেশি ফুটবলাররা।’
দর্শক প্রসঙ্গে আবার আসা যাক। দর্শক টানতে আজ থেকে ছয় হাজার টিকিট বিনা মূল্যে বিভিন্ন ক্লাব ও স্কুলগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে যদি মাঠটা একটু ভরা ভরা লাগে!