চ্যাম্পিয়নদের হারিয়ে করোনার কাছে হারছে তারা

>বাকি মৌসুমের খেলা আবার কবে শুরু হবে, কেউ সঠিক জানে না। যদি একেবারেই শুরু না হয়, তাহলে স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন কে হবে? পরের মৌসুমে কে কে খেলবে ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে? রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন উপস্থাপন করেছে একটি পরিকল্পনা।
করোনা থামিয়ে দিয়েছে ফুটবলকে। আবার কবে স্থগিত থাকা লিগ গুলো শুরু হবে, কেউ জানে না। আর চলতি মৌসুম যদি অসমাপ্ত থাকে, তাহলে চ্যাম্পিয়ন কে হবে, শীর্ষ লিগ থেকে অবনমিত কারা হবে, ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে খেলার সুযোগ কারা পাবে, এসব নিয়ে ভাবতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের লিগ কর্তৃপক্ষ। এর মধ্যেই নিজেদের দেশের লিগ নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
চলতি মৌসুম যদি শেষ না করা যায়, সেক্ষেত্রে পরের মৌসুমের ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে স্পেন থেকে কোন কোন দল খেলবে, তা নিয়েই মূলত প্রস্তাবনাটা। লিগ শুরু করা না হলে এখন লিগের পয়েন্ট তালিকার যা অবস্থা, সে অনুযায়ীই চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলার দল নির্ধারণ করা হবে। মৌসুম কবে শুরু করা যায়, সে জন্য একদম শেষ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন অপেক্ষা করতে চাইছে ঠিকই, কিন্তু উয়েফার কাছেও তো তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর নাম জমা দিতে হবে!
লিগ আর না হলে সে ক্ষেত্রে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ চার দলকে চ্যাম্পিয়নস লিগ খেলতে পাঠাবে আরএফইএফ। সে হিসেবে চ্যাম্পিয়নস লিগে যাবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। ফলে কপাল পুড়বে অ্যাটলেটিকো মাদ্রিদের। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুলকে এবার শেষ ষোলোতেই বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। ঘরোয়া লিগ আর না হলে সেই তাদেরই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে যাওয়া হবে না, কারণ ডিয়েগো সিমিওনের দলটা এই মুহূর্তে লিগের পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে।
১ পয়েন্টের জন্যই কপাল পুড়বে আর কি অ্যাটলেটিকোর! করোনাভাইরাসের কারণে লিগ স্থগিত হওয়ার সময়ে মৌসুমে দলগুলোর ১১টি করে ম্যাচ বাকি ছিল। এরপর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে লিগ। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ছয়ে অ্যাটলেটিকো, আর চারে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ৪৫। পাঁচে থাকা গেতাফেরও তা-ই।
তবে চ্যাম্পিয়নস লিগে খেলা না হলেও ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগে ঠিকই অংশ নিতে পারবে অ্যাটলেটিকো। চারে থাকা সোসিয়েদাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো। আর সোসিয়েদাদের সমান পয়েন্ট নিয়েও গোল করায় পিছিয়ে থাকায় গেতাফেও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারাবে (গেতাফে-সোসিয়েদাদের দ্বিতীয় লেগের খেলা বাকি থাকায় হেড টু হেডের বদলে স্থান নির্ধারণ হবে বেশি গোলের হিসেবে)।
ইউরোপা লিগে স্পেন থেকে খেলতে যাবে তিনটি ক্লাব। সাধারণত লিগের পঞ্চম ও ষষ্ঠ দলের সঙ্গে এ প্রতিযোগিতায় খেলার জন্য সুযোগ পায় কোপা দেল রে জয়ী ক্লাব। তবে মৌসুম শেষ না হলে তো কোপা দেল রেও শেষ করা যাবে না, সে ক্ষেত্রে জায়গাটি নেবে ফাইনালে ওঠা অ্যাথলেটিক বিলবাও। অন্য ফাইনালিস্ট সোসিয়েদাদ চার নম্বরে থাকায় এমনিতেই চ্যাম্পিয়নস লিগে চলে যাবে।
তবে ইউরোপীয় প্রতিযোগিতা দুটিতে কে কে যাবে সে নিয়ে প্রস্তাবনা আনলেও লিগের চ্যাম্পিয়ন কে হবে, এ নিয়ে নিশ্চিতভাবে আরএফইএফ কিছুই জানায়নি। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে আরএফইএফের সম্পর্ক এমনিতেই একটু খারাপ। লা লিগা কর্তৃপক্ষ এখনও লিগ শুরু করার ব্যাপারে আগ্রহী। তবে আরএফইএফ যদি চায় সে ক্ষেত্রে লা লিগা কী চায় না চায়, সেটার কোনো মূল্য থাকবে না।
তবে এমনটাও শোনা যাচ্ছে, শেষমেশ এবারের লিগ যদি শুরু না হয়, তাহলে অ্যাটলেটিকোকে বাদ না দিয়ে বিশেষ বিবেচনায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে দেবে উয়েফা। কারণ ২০১৪ ও ২০১৬ চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট তাঁরা। এবারও প্রথম স্প্যানিশ দল হিসেবে কোয়ার্টারে উঠে বসে আছে দলটা।
অ্যাটলেটিকো সমর্থকেরা কায়মনোবাক্যে চাইবেন যেন সেটাই হয়!