চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার লিগ - এক দিনে দুই পদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনটা একেবারে ‘খারাপ’ কাটেনি দে লায়েটের। ছবি: টুইটার।
দিনটা একেবারে ‘খারাপ’ কাটেনি দে লায়েটের। ছবি: টুইটার।

পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরে একটা টুর্নামেন্টে পদক পেতে কত কষ্টই না করতে হয়! নয় মাস জুড়ে চলে মৌসুম, তাতে কত পরিশ্রম, কত সাধনার পর আসে একটা পদক। এমন অনেক বিখ্যাত খেলোয়াড় আছেন, যাঁরা পুরো ক্যারিয়ারেই দুর্দান্ত খেলেও একটা পদক গলায় ঝুলাতে পারেননি। সেখানে রিচি ডি লায়েটের সৌভাগ্যটা দেখুন, মাত্র পাঁচ ঘণ্টাও গেল না, তাতেই তাঁর গলায় চড়ল দু-দুটি ভিন্ন প্রতিযোগিতার পদক!

পদক দুটিও যেমন-তেমন নয়। ইংলিশ ফুটবলের প্রথম ও দ্বিতীয় স্তর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের! বাংলাদেশ সময় কাল বিকেলে নিশ্চিত হয়েছে, বার্নলির পর চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসছে মিডলসবরোও। বোরোর হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে উত্তরণের মেডেল জেতার পরই ডি লায়েট দিলেন ছুট লেস্টারের দিকে। পাঁচ ঘণ্টা পর দেখা গেল, লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের পদকও গলায় পরে নাচছেন!

ভাবছেন, কীভাবে হলো এমন? একই খেলোয়াড়, একই দেশের, দুই স্তরের ফুটবল লিগের পদক কীভাবে পান? ডি লায়েট এখানে ফুটবলে ধারের পদ্ধতিটাকে ধন্যবাদ দিতে পারেন। মৌসুমের শুরুতে তিনি ছিলেন লেস্টারের খেলোয়াড়। ক্লদিও রানিয়েরির দলের হয়ে ১২টি ম্যাচও খেলেছিলেন। জানুয়ারিতে তাঁকে ধারে পাঠিয়ে দেওয়া হলো মিডলসবরোতে। রিভারসাইড স্টেডিয়ামেও ১০টি ম্যাচে নেমেছেন ডি লায়েট।

দুই ক্লাবের হয়েই জিতেছেন পদক। দিনটা তো আজীবন স্মরণীয় হয়ে থাকবেই তাঁর কাছে। স্মৃতিটা ভাগাভাগি করে নিলেন ভক্তদের সঙ্গেও। গলায় দুই পদক পরা ছবিটি টুইটারে দিয়েছেন ডি লায়েট। তাতে ক্যাপশনটা অবশ্য একটু মজা করেই লেখা—‘নট আ ব্যাড ডে!’