চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ২৩ নভেম্বর
এত দিন চ্যাম্পিয়নশিপ লিগ শুরু করতে না-পারার কারণ হিসেবে মাঠের সীমাবদ্ধতাকেই তুলে ধরত বাফুফে। অবশেষে শুরু হচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় স্তর। ২৩ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ২০১৪-১৫ মৌসুমের খেলা। পেশাদার লিগের কালকের সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
চ্যাম্পিয়নশিপ লিগের একটা গতি হলেও পেশাদার লিগ নিয়ে বাফুফের কর্মকর্তারা এখনো আছেন অন্ধকারে। কালকের সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী অবশ্য জানিয়েছেন, ‘আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে পেশাদার লিগের দলবদলের তারিখ।’ আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দল এবং ক্লাবগুলোর অংশ নেওয়ার কারণে গত মৌসুমে বেশ কয়েকবার লিগ বন্ধ রাখা হয়েছে। তবে এবার সালাম মুর্শেদী বিরতিহীনভাবে লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আগামী প্রিমিয়ার লিগ নিরবচ্ছিন্নভাবে চলবে। সেটা সম্ভব করতে সাত দিনের মধ্যেই একটা বাইলজ তৈরি করে দলবদলের তারিখ ঘোষণা করব।’ এই মৌসুমে নানা সীমাবদ্ধতায় যে টুর্নামেন্টগুলো আয়োজন করা যায়নি, সেগুলো আগামী মৌসুমে আয়োজনেরও প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট নয়, পেশাদার লিগের ক্লাবগুলোকে নিয়ে নিয়মিত অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে।