চ্যাম্পিয়নশিপ লিগেই টার্ফ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ অক্টোবর থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে চতুর্থ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল। পেশাদার লিগের দ্বিতীয় এই স্তরে খেলবে আটটি দল। কমলাপুর স্টেডিয়ামে বসানো টার্ফ উদ্বোধন হবে এই লিগের খেলা দিয়েই। সব খেলাই রাখা হয়েছে কমলাপুরে। সেদিক থেকে দেশের ফুটবলে এই প্রথম একটা লিগ টার্ফে হচ্ছে। ফুটবলারদের জন্য এটা নতুন এক অভিজ্ঞতাই হবে।
এমনিতে চ্যাম্পিয়নশিপ লিগটা থাকে প্রচারের আড়ালে। সব মনোযোগই পায় পেশাদার লিগ। তবে পেশাদার লিগের মতো সুযোগ-সুবিধা আর আর্থিক নিশ্চয়তা এই লিগে না থাকলেও খেলার মান খারাপ নয়। ফুটবলাররা নিজেদের তুলে ধরার মঞ্চ হিসেবেই দেখেন এটিকে। সেই লক্ষ্যে নতুন মৌসুমের জন্য আজ থেকে ১৫ দিন দলবদলের সুযোগ পাবেন খেলোয়াড়েরা।
এবার চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফের একাডেমি দলটাকে রাখতে চেয়েছিল খোদ বাফুফের নির্বাহী কমিটি। এ বিষয়ে বাফুফের নির্বাহী কমিটি প্রস্তাব পাঠায় লিগ কমিটির কাছে। কিন্তু ক্লাবগুলো রাজি না হওয়ায় একাডেমি দল রাখা যায়নি। অবিশ্বাস্যভাবে ক্লাবের চাওয়াই জয়ী হয়েছে। ক্লাবগুলোর আপত্তির কারণ, বাফুফের একাডেমি খেললে তারা ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারে! তবে আগামী বছর ক্লাব আর আপত্তি করবে না বলেই বিশ্বাস বাফুফের।