চ্যাম্পিয়নশিপেও গোলের আকাল
জাতীয় দলের সাফল্যখরার অন্যতম বড় কারণ স্ট্রাইকার-সংকট। এর পেছনে সবচেয়ে জোরালো যুক্তি হলো, দেশের প্রিমিয়ার লিগে দলগুলোর স্ট্রাইকিং অঞ্চলটা দখলে থাকে বিদেশিদের। কিন্তু পেশাদার লিগের দ্বিতীয় স্তরে তো বিদেশিরা খেলছেন না, এখানে তাহলে গোল করার অবারিত সুযোগ স্থানীয় স্ট্রাইকাররা নিতে পারছেন না কেন?
প্রশ্নটা আসছে কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলমান চ্যাম্পিয়নশিপে গতকাল পর্যন্ত ৯ ম্যাচে গোল হয়েছে মাত্র ১৭টি। পাঁচটি ম্যাচই ড্র। দুটি গোলশূন্য, তিনটি ১-১। গত প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে গোল ছিল ৩০টি। ড্র হয়েছিল মাত্র একটি ম্যাচ। ৮০ ভাগ গোলই বিদেশিদের। চ্যাম্পিয়নশিপ লিগে বিদেশি নেই বলেই গোল কম!
পুলিশ দল দুটি ম্যাচই ড্র করেছে। গোল একটি। ইয়ংমেন্স তিন ম্যাচে ২ পয়েন্ট তুলে গোল করেছে ২টি। কাল বারিধারা-ইয়ংমেন্স ম্যাচটি ১-১ থাকল। ইয়ংমেন্সের বিপক্ষেই সবচেয়ে বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক, ৪-১। টিঅ্যান্ডটি দুটি ম্যাচই জিতেছে, ব্যাংকের সঙ্গে ১-০ ও বারিধারার সঙ্গে ২-০। আরামবাগ ২-১ গোলে হারিয়েছে ওয়ারীকে। এখন পর্যন্ত তিনজন খেলোয়াড় গোল করেছেন ২টি করে।
আরামবাগের কোচিং উপদেষ্টা ওয়াজেদ গাজীর চোখেও স্ট্রাইকারদের দুর্বলতা ধরা পড়েছে, ‘বিদেশি খেলাতে খেলাতে আমরা তো দেশের স্ট্রাইকিং জোনটা অবসন্ন করে ফেলেছি। এই লিগে বিদেশি না থাকায় গোল তো আরও বেশি করার কথা ঘরের ছেলেদের। তবু দেখছি স্ট্রাইকাররা গোল করতে পারে না।’
দলগুলোর রক্ষণাত্মক কৌশলও একটা বড় কারণ। বাংলাদেশের ফুটবলে এখন রক্ষণ নিয়েই সবচেয়ে বেশি কাজ হয়। পাঁচ ডিফেন্ডার নিয়ে হরহামেশাই খেলে জাতীয় দল। সেই ধারাটা নিচের দিকের ক্লাবেও আছে। পরশু এই লিগে ওয়ারীর বিপক্ষে আরামবাগ দ্বিতীয়ার্ধে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেছে। গত বুধবার ম্যাচটা তারা জিতেছে ২-১ গোলে।
নিয়মিত লিগের খেলা দেখা জসিমউদ্দিন জোসির চোখেও ধরা পড়ছে ব্যাপারটা। গোল কম হওয়ার পেছনে দলগুলোর রক্ষণ জমাট করে খেলার কথা বলছেন মোহামেডান কোচ। প্রথম ম্যাচটা বাদ দিয়ে বাকি আটটি ম্যাচ দেখে তাঁর মনে হয়েছে, ‘গোল করার চেয়ে আসলে গোল না খাওয়ার দিকেই দলগুলোর মনোযোগ বেশি। আক্রমণে খেলোয়াড়দের অংশগ্রহণ কম।’ তবে সব ছাপিয়ে লিগটা জোসির কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই লাগছে, ‘দলগুলো তীব্র লড়াই করছে শেষ মিনিট পর্যন্ত। আনন্দ পাচ্ছি খেলা দেখে। লিগের মানও ভালো।’
বর্তমানে বাফুফের সঙ্গে যুক্ত আরেক কোচ জাকারিয়া বাবুর পর্যবেক্ষণও প্রায় একই রকম। সঙ্গে যোগ করছেন, ‘এটাও ঠিক, স্ট্রাইকাররা সহজ গোলও নষ্ট করছে।’ লিগে ড্রয়ের আধিক্য দেখে অনেকের মনে প্রশ্নও জাগে, দলগুলো সমঝোতা করে পয়েন্ট ভাগাভাগি করছে না তো!
না, এখনো এমন সন্দেহ জাগেনি। জোসি-জাকারিয়াদের চোখেও তেমন কিছু ধরা পড়েনি। তাঁরা লিগটা উপভোগই করছেন। শুধু গোলটাই কম হচ্ছে। প্রিমিয়ার লিগের মতো এখানেও গোলের রাস্তাটা কমই দেখছেন স্ট্রাইকাররা।