চ্যাম্পিয়নস লিগ এবার চেনাল যে ৮ উদীয়মানকে
তোমার হলো শুরু, আমার হলো সারা— কবিগুরুর এ চরণ জীবনে কতই না প্রাসঙ্গিক!
পুরোনোরা আস্তে আস্তে মঞ্চ ছাড়বে, পাদপ্রদীপের আলো নিজের করে নবীনেরা শোনাবে প্রতিভার জয়গান— জীবনের প্রতি ক্ষেত্রে পরিচিত এক দৃশ্য। ফুটবলে তো এটি আরও প্রাসঙ্গিক। এবারই যেমন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, পিএসজির এডিনসন কাভানি, থিয়াগো সিলভা কিংবা জুভেন্টাসের জিয়ানলুইজি বুফনদের আগামী চ্যাম্পিয়নস লিগে আর দেখা যাবে না। ধীরে ধীরে নতুনেরা পূরণ করে ফেলবেন তাঁদের জায়গা। নবীনেরাও যে প্রস্তুত, সেটা এবার কয়েকজনের খেলা দেখে বেশ বোঝা গেছে। আনকোরা সেসব তরুণদের নাম এখন ফুটবলপ্রেমীদের কাছে বেশ পরিচিত। এবারই চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রতিভার প্রথম স্বাক্ষর রেখেছেন তাঁরা।
কে তাঁরা?
আর্লিং হরলান্ড (রেড বুল সালজবুর্গ/বরুসিয়া ডর্টমুন্ড)
এবারই প্রথম খেলতে এসেছিলেন চ্যাম্পিয়নস লিগ, এসেই করেছেন বাজিমাত। গ্রুপপর্বের প্রথম পাঁচ ম্যাচেই করেছেন ৮ গোল। এর মধ্যে আবার অভিষেকে হ্যাটট্রিকও করেছেন। চ্যাম্পিয়নস লিগের মতো কঠিন প্রতিযোগিতার মঞ্চে আলো ছড়ানো এই স্ট্রাইকারের পেছনে সেই তখন থেকেই লেগে ছিল ৪০ ক্লাব!
শেষ হাসিটা হেসেছে বরুসিয়া ডর্টমুন্ড। ২০ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাবে জানুয়ারিতে যোগ দিয়েছেন হরলান্ড। যেভাবে গোল করছেন, বিশ মিলিয়ন ইউরোর অঙ্কটা ডর্টমুন্ডের কাছে অনেক কম বলেই মনে হওয়ার কথা। ডর্টমুন্ডে যাওয়ার পরেও হরলান্ডের বুটজোড়ায় মরচে পড়েনি। পিএসজির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে করেছিলেন জোড়া গোল, হারিয়ে দিয়েছিলেন নেইমারদের। তবে দ্বিতীয় লেগে নিষ্প্রভ ছিলেন, ফলাফল— ডর্টমুন্ডও বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে।
তবে হরলান্ডের দামও দিনে দিনে বেড়ে চলেছে। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে পারে।
আলফোনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
আলফোনসো ডেভিসের জীবনটা যেন সিনেমার চিত্রনাট্য।
বাবা-মা থাকতেন লাইবেরিয়ায়। গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে উদ্বাস্তু শিবির থেকে পাড়ি জমান ঘানায়। সেখান থেকে কোনোরকমে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে চলে আসেন কানাডায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি দারুণ ঝোঁক ছিল। কিন্তু ঝোঁক থাকলেই তো আর হয় না! অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য পছন্দের ক্লাবে যাওয়ার ভাড়াটুকুও থাকত না। ছিল না প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী কেনার টাকাও।
কিন্তু টাকা না থাকলেই কি আর প্রতিভার ঔজ্জ্বল্য ঢেকে রাখা সম্ভব?
থাকতেন কানাডা এডমোন্টোনে। যেসব স্কুলছাত্ররা পয়সার অভাবে ক্লাবে গিয়ে খেলতে পারে না তাদের নিয়ে একটা লিগ আয়োজিত হয় সেখানে। সে লিগেই আলো ছড়িয়ে নজরে আসেন ডেভিস। যোগ দেন কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে।
এরপরের গল্পটা শুধুই উত্থানের। কানাডা ছেড়ে ডেভিস এখন জার্মানিতে। ঐতিহ্যবাহী বায়ার্ন মিউনিখের অন্যতম অস্ত্র তিনি। এই মৌসুমে যেভাবে খেলছেন, অনেকেই অনায়াসে তাঁকে বিশ্বের সেরা লেফটব্যাকদের তালিকায় রাখছেন। এসেই দলকে জিতিয়েছেন ট্রেবল। চ্যাম্পিয়নস লিগে গোল-সহায়তা করেছেন চারবার। কোয়ার্টারে লিওনেল মেসিকে নিশ্চুপ রাখার পেছনে রেখেছেন মূল ভূমিকা।
সময় তো এখন ডেভিসের!
রবিন গসেনস (আটালান্টা)
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেই এবার তাক লাগিয়ে দিয়েছে আটালান্টা। দুর্দান্ত কৌশল, আক্রমণাত্মক ফুটবল আর খেলোয়াড়দের কার্যকারিতা মুগ্ধ করেছে সবাইকে। আটালান্টার কৌশলের অন্যতম প্রধান অংশ হলো দুই ফুলব্যাক। এদের মধ্যে একজন জার্মানির লেফট উইংব্যাক রবিন গসেনস। বামদিকে আক্রমণাত্মক মিডফিল্ডার পাপু গোমেজ ও মিডফিল্ডার রেমো ফ্রয়লারের সঙ্গে তাঁর রসায়ন ছিল দেখার মতো। জুভেন্টাস, টটেনহামের মতো ক্লাবগুলো তো আর এমনি এমনি নজরে রাখছে না তাঁকে!
হান্স হাটেবোর (আটালান্টা)
আটালান্টার দুই ফুলব্যাকের আরেকজন। গসেনস বামদিকে যা করেন, তাই ডানদিকে করে থাকেন হাটেবোর। এবার চ্যাম্পিয়নস লিগে দুই গোল করেছেন। দারুণ একটা গোল-সহায়তাও করেছেন। দ্বিতীয় রাউন্ডে ভ্যালেন্সিয়াকে হারানোর পেছনে তাঁর ছিল বড় ভূমিকা। ফলাফল, ইউরোপের অনেক ক্লাব এখন তাঁর পেছনে ঘুরছে। হাটেবোর নিজেও জানিয়েছেন, আটালান্টা ছাড়বেন তিনি।
ম্যাক্সেনস ক্যাকেরে (অলিম্পিক লিওঁ)
বলা হচ্ছে, এই শতকে লিওঁ একাডেমির সবচেয়ে প্রতিভাবান তরুণ এই ম্যাক্সেনস ক্যাকেরে। যে একাডেমি এর আগে করিম বেনজেমা, স্যামুয়েল উমতিতি, নাবিল ফেকির, সিডনি গোভু, অ্যান্থনি মার্সিয়ালদের মতো তারকাদের বের করে এনেছে। তাঁকে নিয়ে কেন এত প্রশংসা? তাঁর উত্তর ক্যাকেরে দিয়েছেন প্রতি ম্যাচে। ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বায়ার্নের বিপক্ষে ম্যাচগুলোতে প্রমাণ করেছেন, একজন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার সকল গুণাবলি আছে তাঁর। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা থেকে শুরু করে দ্রুতগতির প্রতি আক্রমণের শুরুটা— ক্যাকেরে পারেন অনায়াসে। কয়েক দিনের মধ্যে বড় বড় ক্লাব এই খেলোয়াড়টির পেছনে ঘুরলে অবাক হবেন না যেন!
হুসাম আউয়ার (অলিম্পিক লিওঁ)
লিওঁ একাডেমির আরেক উজ্জ্বল প্রতিভা। অথচ আউয়ার যে ভালো খেলেন, সে কথা গত মৌসুম থেকেই অল্পবিস্তর শোনা যাচ্ছিল। এবার সে গুঞ্জনের পরিধিই বেড়েছে চক্রবৃদ্ধি হারে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন একটা, অ্যাসিস্ট ছয়টা। ছয় অ্যাসিস্টের চারটা আবার ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে সাহায্য করেছে। আউয়ারকে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আর্সেনাল ও জুভেন্টাসের মতো ক্লাবগুলো।
তাকুমি মিনামিনো (রেড বুল সালজবুর্গ)
চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ঠিক কতটা ভালো খেললে ইউরোপের চ্যাম্পিয়ন দলের নজরে আসা যায়? তাকুমি মিনামিনো সেই কাজটাই করেছিলেন। প্রথম রাউন্ড থেকে সালজবুর্গ বিদায় নিলেও দলটার দুজন জানুয়ারির মধ্যেই ভালো ক্লাবে চলে গিয়েছিলেন প্রতিভার ঝলক দেখিয়ে। প্রথমজনের নাম হরলান্ড, আরেকজন এই মিনামিনো। আক্রমণভাগে এই জাপানি তারকার গতি, ক্ষিপ্রতা, ম্যাচ গড়ে দেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছিল লিভারপুলকে। লিভারপুলের বিপক্ষে ম্যাচে নাচিয়ে ছেড়েছিলেন ইউরোপীয় চ্যাম্পিয়নদের রক্ষণভাগ। ফলাফল? জানুয়ারি শুরু হতে না হতেই ৭.২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেন মিনামিনো। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন তিনি।
কনরাড লাইমার (আরবি লাইপজিগ)
এবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠে অনেকের চোখ কপালে তুলে দিয়েছিল ইউলিয়ান নাগলসমানের আর বি লাইপজিগ। আর নাগলসমানের কৌশলের অন্যতম প্রধান হাতিয়ার ছিলেন অস্ট্রিয়ান মিডফিল্ডার কনরাড লাইমার। লাইমারের চতুর প্রেসিংয়ে হাঁসফাঁস করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের তারকারা। বিদায় নিয়েছেন কোয়ার্টার থেকেই। এই চ্যাম্পিয়নস লিগে লাইমার সফল ট্যাকল করেছেন ৩৮টি, যা আর কেউ করেননি।