চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ বার্সার কুতিনহোর!

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ভূপাতিত। কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছে কাতালান ক্লাবটি। মজার ব্যাপার, এই বার্সারই অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কুতিনহোর সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ের সুযোগ!
ভাবছেন এ কীভাবে সম্ভব? ব্যাপারটা খুলেই বলা যাক। গত জানুয়ারিতে লিভারপুল ছেড়ে বার্সায় নাম লেখান কুতিনহো। ন্যু ক্যাম্পে আসার আগে এবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বে লিভারপুলের হয়ে খেলেছিলেন এ ব্রাজিলিয়ান। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৫ গোল করে ইংলিশ ক্লাবটির শেষ ষোলোয় ওঠায় দারুণ অবদানও রেখেছিলেন কুতিনহো। কিন্তু এ মৌসুম পর্যন্ত উয়েফার নিয়ম ছিল, ‘উয়েফার আসরে (চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ) এক মৌসুমে কোনো খেলোয়াড় দুটি ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না।’ কুতিনহোকে তাই বার্সার হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে দেখা যায়নি।
এদিকে লিভারপুল তো এবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। ধরে নেওয়া যাক, দলটি সেমি জেতার পর ফাইনালও জিতে নিল। তাহলে উয়েফা লিভারপুলকে যে ৪০টি পদক দেবে তার মধ্যে একটি থাকবে কুতিনহোর। তবে লিভারপুল তখন কুতিনহোকে এই পদক দেবে কি না, সেটা তাঁদের ব্যাপার। কিন্তু লিভারপুল চ্যাম্পিয়ন হলে সেই সাফল্যে যে কুতিনহোরও ভাগ থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ, চ্যাম্পিয়নস লিগে এবার কুতিনহোর নাম নিবন্ধিত হয়েছে লিভারপুলের খেলোয়াড় হিসেবে।
সে ক্ষেত্রে বার্সা ‘ট্রেবল’ জয়ের সুযোগ হারালেও কুতিনহোর কিন্তু সেই সুযোগ থাকবে। বার্সার হয়ে লা লিগা আর কোপা ডেল রে এবং লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ—অবশ্য এসবই নির্ভর করছে দুটি ক্লাবের পারফরম্যান্সের ওপর।
বার্সা যে নিয়মের ফাঁদে আটকে কুতিনহোকে খেলাতে পারেনি, আগামী মৌসুম থেকে তা আর থাকছে না। আগামী মৌসুম থেকে একই টুর্নামেন্টে অংশ নেওয়া কোনো ক্লাবের কাছ থেকে খেলোয়াড় কিনে তাঁকে ওই টুর্নামেন্টেই মাঠে নামাতে পারবে যে কোনো ক্লাব। সেটা সর্বোচ্চ তিনজন খেলোয়াড়।
কুতিনহোর ক্ষেত্রে যেভাবে চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তার অতীত নজির কিন্তু রয়েছে। ২০০০ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ খেলার পর রিয়াল মায়োর্কায় যোগ দিয়েছিলেন স্যামুয়েল ইতো। পরে রিয়াল সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং ইতোকেও ঘোষণা করা হয়েছিল চ্যাম্পিয়নস লিগ জয়ী হিসেবে।