চ্যাম্পিয়নস লিগ যখন কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিক দিয়ে কাজটা সহজ। তিনটি ম্যাচ বাকি, সেই তিনটি জিতলেই বার্সেলোনা চ্যাম্পিয়ন। এখানে অন্য কোনো হিসাব-নিকাশের দরকার নেই। কিন্তু দুই মাদ্রিদ—অ্যাটলেটিকো ও রিয়ালকে জিতলেই শুধু হবে না, বার্সার অমঙ্গলও কামনা করতে হবে। তার চেয়েও বড় কথা, বার্সার মতো নির্ভার হয়ে শুধু লা লিগার কথা ভাবতে পারছে না তারা। চ্যাম্পিয়নস লিগের চাপ যে মাথার ওপর আছেই!
লা লিগার শেষ তিন অঙ্কের প্রথমটি আজই মঞ্চস্থ হচ্ছে। বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো—তিন দলই আজ মাঠে নামছে। বার্সা খেলতে যাচ্ছে রিয়াল বেটিসের মাঠে। রিয়ালের পরীক্ষাই সবচেয়ে কঠিন হতে পারে। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে যে কদিন আগেই হেরে এসেছে বার্সা। আর অ্যাটলেটিকোর কাজটা সম্ভবত সবচেয়ে সহজ, নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ অবনমন বাঁচাতে লড়তে থাকা রায়ো ভায়েকানো।
বার্সাকে এখন চ্যাম্পিয়নস লিগ নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, এটা তাদের জন্য সুবিধা। আর এই সপ্তাহেই রিয়ালকে আবার ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলতে হবে। আর বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ডিয়েগো সিমিওনে চাইলেও হয়তো মাথা থেকে সরাতে পারছেন না। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য ব্যাপারটা বড় করে দেখছেন না, ‘অনেকেই বলছে তিন দিন পরপর ম্যাচ খেললে ছন্দটা থাকে। আবার অনেকেই বলছে এটা বাড়তি একটা ধকল। তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের তিন ম্যাচ বাকি আছে, সেগুলো জিততে হবে। বিষয়টা আমাদের হাতে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রিয়ালের পরীক্ষা এমনিতেই কঠিন, তার ওপর আজ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে পাওয়া যাবে না। হ্যামস্ট্রিংয়ের চোটে রোনালদো আজ তো বটেই, সিটির সঙ্গেও হয়তো নামতে পারবেন না। করিম বেনজেমাও একই ধরনের চোটে আজ দর্শক হয়ে থাকছেন। ‘বিবিসি’ ত্রয়ীর গ্যারেথ বেলের ওপরই তাই আজ গুরুদায়িত্ব। রিয়ালের কোচ জিনেদিন জিদানও মনে করিয়ে দিচ্ছেন, ‘এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনাল।’
ওদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকেও চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে। তবে আজই আবার লিগ জিততে পারে তারা। বরুসিয়া মনশেনগ্লাডবাখকে হারালে প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চারটি লিগ জয় হবে। তিন ম্যাচ বাকি থাকতে বায়ার্ন ৭ পয়েন্ট এগিয়ে, আজ জিতলেই তারা আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন। এএফপি, রয়টার্স।