চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ড্র কবে, কোথায়, কখন

শেষ আটের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। এবার শেষ চারের লড়াই দেখার অপেক্ষা। সেমিফাইনালে চার দলের লাইন-আপটা বেশ চিত্তাকর্ষক। ইউরোপের শীর্ষ চার লিগ থেকে একটি করে দল—রিয়াল মাদ্রিদ (স্পেন), বায়ার্ন মিউনিখ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড) ও এএস রোমা (ইতালি) উঠেছে ফাইনালে ওঠার লড়াইয়ে। এখান থেকে কোন দুটি দল নামবে শিরোপা লড়াইয়ে?
সেই প্রশ্নের জবাব পেতে ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে সেমির লড়াই, আর এই লড়াইয়ে কে কার কার মুখোমুখি হবে, তা নিশ্চিত হবে কালকের ড্র অনুষ্ঠানে। সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তর নিয়নে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই ড্র।
সেমির ড্রতে কোনো বাছাইপ্রক্রিয়া নেই। সব কটি দলকে একই বাটিতে রাখা হবে। যে দলকে প্রথমে তোলা হবে তারা সেমির প্রথম লেগ ঘরের মাঠে খেলবে। একই দেশ বা একই অ্যাসোসিয়েশনের দুটি দল একে-অপরের মুখোমুখি হতে পারবে। তবে এবার সে সুযোগ নেই। কারণ সেমিতে মুখোমুখি হচ্ছে চার দেশের চার দল। এই প্রথমবারের মতো ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ইতালি থেকে একটি করে দল পেল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।
সর্বশেষ ২০১০ টুর্নামেন্টের সেমিতে চারটি আলাদা দেশের দল অংশ নিয়েছিল। তবে সেবার জার্মানি থেকে বায়ার্ন, স্পেন থেকে বার্সেলোনা, ইতালি থেকে ইন্টার মিলান ও ফ্রান্স থেকে লিঁও থাকলেও ইংল্যান্ডের কোনো প্রতিনিধি ছিল না।
২৪ এ ২৫ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ ১ ও ২ মে।
সেমিফাইনালের চার দল | ||
দল | দেশ | উয়েফা র্যাঙ্কিং |
রিয়াল মাদ্রিদ | স্পেন | ১ |
বায়ার্ন মিউনিখ | জার্মানি | ২ |
লিভারপুল | ইংল্যান্ড | ২৫ |
এএস রোমা | ইতালি | ২১ |