চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর গল্প
>শেষ বলে কিছু নেই—শেষ আটে ওঠার পথে এটাই দূরতম আশা হতে পারে বার্সেলোনা কোচ লুইস এনরিকে আর আর্সেনালের আর্সেন ওয়েঙ্গারের। দুই দলেরই প্রেরণা হতে পারে ইউরোপের ফুটবলে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর কয়েকটি গল্প। খেয়ালি ফুটবল-দেবতা বার্সেলোনা আর আর্সেনালের জন্য পাণ্ডুলিপি কি ঘুরে দাঁড়ানোর কোনো রোমাঞ্চকর গল্পে সাজাবেন! ইতিহাসের পাতা উল্টে দেখা যাক চ্যাম্পিয়নস লিগে এর আগের সেই গল্পগুলো—
চেলসি-বার্সেলোনা, ১৯৯৯-২০০০
স্টামফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩৮ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। পর্তুগিজ ফরোয়ার্ড লুইস ফিগো একটি গোল অবশ্য ফেরত দিয়েছিলেন। রোমান আব্রামোভিচ-যুগের আগের এই চেলসিকে লুইস ফন গালের বার্সেলোনা নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ৫-১ গোলে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে।
মিলান-লা করুনিয়া, ২০০৩-০৪
সান সিরোতে শেষ আটের প্রথম লেগে বিস্ময়করভাবে এগিয়ে যায় দেপোর্তিভো। কিন্তু শেষ পর্যন্ত কাকার জোড়া গোলে ৪-১ গোলে মিলানের কাছে বিধ্বস্ত হয় লা করুনিয়া। তাদের সেই সময়ের অনমনীয় কোচ হাভিয়ের ইরুরেতা ম্যাচ শেষে শুনিয়েছিলেন স্বপ্নের কথা, ‘ফুটবলে প্রায়ই মিরাকল ঘটে।’ ইরুরেতার স্বপ্নের মতো করেই লেখা হয়েছিল দ্বিতীয় লেগের পাণ্ডুলিপি। ৪-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছিল লা করুনিয়া।
রিয়াল মাদ্রিদ-মোনাকো, ২০০৩-০৪
লা করুনিয়ার মতোই ২০০৩-০৪ মৌসুমের শেষ আটে অঘটন ঘটিয়েছিল মোনাকো। সান্তিয়াগো বার্নাব্যু থেকে জিতে ফেরে ৪-২ গোলে। সবাইকে অবাক করে নিজেদের মাঠে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা। পরে চেলসিকে পেছনে ফেলে ফাইনালে ওঠে দিদিয়ের দেশমের দল। যদিও ফাইনালে হেরে যায় পোর্তোর কাছে।
নাপোলি-চেলসি, ২০১১-১২
নাপোলির মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে হেরে আসে চেলসি। হুয়ান মাতার অ্যাওয়ে গোলটিই দ্বিতীয় লেগে অনুপ্রেরণা ছিল চেলসির। দ্বিতীয় লেগে ৯০ মিনিটের খেলা শেষে স্কোরলাইন ছিল চেলসি ৩: ১ নাপোলি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ইভানোভিচের ১০৫ মিনিটের গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আন্দ্রে ভিলাস-বোয়াসের চেলসি।
মিলান-বার্সেলোনা, ২০১২-১৩
সান সিরোয় শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে হারে বার্সেলোনা। ২০১২-১৩ মৌসুমের আগে পর্যন্ত অ্যাওয়ে গোলের সাহায্য ছাড়া ২-০ গোলে পিছিয়ে পড়া কোনো দল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পরের রাউন্ডে যেতে পারেনি। ন্যু ক্যাম্পে মিলানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই জোড়া গোল করেছিলেন মেসি।
অলিম্পিয়াকোস-ইউনাইটেড, ২০১৩-১৪
প্রথম লেগে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ১৫ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠাটা যখন অলিম্পিয়াকোসের হাতছোঁয়া দূরত্বে, তখনই দ্বিতীয় লেগে বীরত্ব দেখালেন রবিন ফন পার্সি। দারুণ এক হ্যাটট্রিক করে ইউনাইটেডকে ৩-০ গোলে জেতান ডাচ এই স্ট্রাইকার।
পিএসজি-চেলসি, ২০১৩-১৪
আরেকটি অ্যাওয়ে গোল, চেলসির আরেকটি প্রত্যাবর্তনের গল্প। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস থেকে ৩-১ গোলে হেরে আসে চেলসি। হোসে মরিনহোর অধীনে চেলসি তখন রক্ষণাত্মক ঘরানার ফুটবলেই স্বচ্ছন্দ। তবে দ্বিতীয় লেগে অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে চেলসি। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন সুপার সাব আন্দ্রে শুরলে। অন্তিম মুহূর্তে ডেম্বা বার গোলে ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
পোর্তো-বায়ার্ন, ২০১৪-১৫
শেষ আটের প্রথম লেগে পোর্তোর ৩-১ গোলের জয়ের আনন্দ আলিয়াঞ্জ অ্যারেনায় উড়ে যেতে বেশি সময় লাগেনি। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। জ্যাকসন মার্টিনেজ একটি গোল ফেরত দেন। তবে জাবি আলোনসোর ফ্রিকিকে ৬-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে পেপ গার্দিওলার বায়ার্ন।
ভলফ্সবুর্গ-রিয়াল, ২০১৫-১৬
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠা ভলফ্সবুর্গ শেষ আটের প্রথম লেগে ২-০ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। কিন্তু নিজেদের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে জেতে রিয়াল। পরে তো জিতে নেয় চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা।
তথ্যসূত্র: উয়েফাডটকম