চ্যাম্পিয়নস লিগে জার্মানির সবচেয়ে 'ঘৃণিত' ক্লাব!

আরবি লাইপজিগকে জার্মানির ফুটবলপ্রেমীরা তেমন পছন্দ করেন না। এই লাইপজিগই কাল ফ্রেইবুর্গকে ৪-০ গোলে হারিয়ে জার্মান লিগে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছে ক্লাবটি।
এখন আসা যাক প্রথম তথ্যটিতে। জার্মানরা কেন লাইপজিগকে পছন্দ করেন না? কারণটা বহুমুখী। লাইপজিগকে ‘ভূঁইফোর’ ক্লাবই মনে করে তারা। মাত্র আট বছর আগে ২০০৯ সালে পঞ্চম টায়ারের দল এসভিভি মার্কসরানসতাদ নাম বদলে হয়ে যায় আরবি লাইপজিগ। কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল কিনে নেয় এই ক্লাবের লাইসেন্স। এর পর থেকেই শনৈ শনৈ উন্নতি ঘটতে থাকে ক্লাবটির। নতুন স্টেডিয়াম তৈরি হয়। প্রচার-প্রচারণায় শুরু হয় টাকার ছড়াছড়ি। ২০১৫-১৬ মৌসুমে লাইপজিগ যে পরিমাণ টাকা খরচ করেছে, সেটি দ্বিতীয় স্তরের লিগের সব ক্লাবের মোট খরচের সমান। মাঠে সাফল্যও পায় ক্লাবটি। রানার্সআপ হয়ে ওঠে পরের ধাপে।
ফুটবলপ্রেমীরা কিন্তু ক্লাবটির ওপর খ্যাপা এসব কারণে নয়। সর্বোচ্চ স্তরে ওঠার পর যে প্রক্রিয়ায় তারা সদস্যপদ দিচ্ছে, সেটা বিরক্তি ও ক্ষোভের কারণ হয়েছে সকলের। বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো যেখানে সদস্যপদ বিক্রিতে ৫০ থেকে ৬০ ইউরোর বেশি নেয় না, সেখানে লাইপজিগের সদস্য হতে একজন ফুটবলপ্রেমীকে খরচ করতে হয় ৮০০ ইউরো।
ফুটবলপ্রেমীরা এই লাইপজিগকে যেভাবেই দেখুক, এতে ক্লাবটির কিছুই যায় আসে না। মাত্র আট বছরের মধ্যে যে ক্লাব পঞ্চম টায়ারের একটি দল থেকে চ্যাম্পিয়নস লিগের স্থান নিশ্চিত করে ফেলাটাই এই মুহূর্তে তাদের উদ্যাপনের সবচেয়ে বড় অনুসঙ্গ। সূত্র: এএফপি