চ্যাম্পিয়নস লিগের ড্র কবে-কখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের সেমিফাইনালে মেসির ঝলকে ঝলসে গিয়েছিল রিয়াল। ফাইল ছবি
২০১১ সালের সেমিফাইনালে মেসির ঝলকে ঝলসে গিয়েছিল রিয়াল। ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের পর্ব শেষ হলো কাল। ১৬ দল থেকে চ্যাম্পিয়নস লিগের আকার নেমে এল আটে। এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটে যেকোনো দল মুখোমুখি হতে পারে যে-কারোর। সেটাই নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে।

শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে, এ নিয়ে উদ্বেগ থাকে সমর্থকদের মধ্যে। এর উত্তর অবশ্য মিলে যাবে দ্রুতই। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এই ড্র।
শেষ ষোলোর ড্রয়ে ‘সিডিং’ এবং দেশের কোটা রক্ষিত হয়। এ কারণে গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হয় না। একই দেশের দুই ক্লাবও শেষ ষেলোতে মুখোমুখি পড়ে না। কিন্তু এবারের লটারিতে কোনো ভাগ থাকবে না। তাই যেকোনো দল যেকোনো দলের মুখোমুখি হতে পারে। শেষ আটেই দেখা হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার। অবশ্য এর আগে তিনবার সেমিফাইনাল দেখা হলেও শেষ আটে কখনো বার্সা-রিয়াল মুখোমুখি হয়নি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সেমিফাইনালটি হয়ে আছে ২০১০-১১ মৌসুমে।
ছয়টি দল পৌঁছে গিয়েছিল আগেই। বাকি দুটি দলও নাম লেখাল কাল। নিজেদের মাঠে দুর্দান্ত খেলে প্রথম লেগে ৫-৩ গোলে হেরে যাওয়ার ধাক্কা সামলে নিল মোনাকো। কাল ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে তারাও চলে গেল শেষ আটে। দুই লেগ মিলিয়ে ৬-৬ সমতা হলেও সিটি নিজেদের ৩ গোল হজম করায় বিদায় নিল। অন্য ম্যাচে বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ আট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। প্রথম লেগে লেভারকুসেনের মাঠে ৪-২ গোলে জিতে আসায় কাজটা আসলে ৯০ শতাংশ সেরে রেখেছিল।

শেষ আটে গেল যারা—
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ
বরুসিয়া ডর্টমুন্ড
জুভেন্টাস
লেস্টার সিটি
মোনাকো