চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে 'মৃত্যুকূপে' আপনার দলও?

একবার ভাবুন তো চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি আর লিভারপুল। অথবা বার্সেলোনার সঙ্গে চেলসি আর রোমা! জুভেন্টাস, অ্যাটলেটিকো আর টটেনহাম? এই সম্ভাবনাগুলোর কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতিবার চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর কোন গ্রুপটা সবচেয়ে কঠিন হলো, এ নিয়ে সমর্থকদের মধ্যে একটা আলোচনা চলে। এবার একাধিক গ্রুপ অব ডেথ বা ‘মৃত্যুকূপ’ তৈরি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু প্রবল। আজ রাতের চ্যাম্পিয়নস লিগের ড্র যে চারটি ‘পট’ বা পাত্রের ওপর নির্ভর করে হবে।
চারটি ‘পট’ই যে বিপদের গন্ধ ছড়াচ্ছে ভালোভাবেই। ইউরোপের প্রতিটি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে রাখা হয়েছে এক নম্বর পটে। শীর্ষ বাছাইদের এই পটে থাকছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসি, বেনফিকা, মোনাকো, শাখতার দোনেৎস্ক ও স্পার্তাক মস্কোর মতো দলগুলো। দ্বিতীয় পাত্রে পিএসজির সঙ্গে আছে বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন নম্বর পাত্রে লিভারপুল, টটেনহাম, রোমা। চার নম্বরে সেল্টিক, স্পোর্টিংয়ের মতো দলগুলো থাকায় একাধিক মৃত্যুকূপের সম্ভাবনাটা প্রবল হয়ে উঠছে।
আজ ড্রয়ের রাতে রিয়াল ও পিএসজির প্রতিনিধিরা বেশ টেনশনেই থাকবেন। কারণ, রিয়াল ও পিএসজির দেখা হয়ে যেতে পারে প্রথম পর্বেই। একই কথা প্রযোজ্য বার্সেলোনা ও চেলসির ক্ষেত্রে। গত মৌসুমে জুভেন্টাসের কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এবার এই দুই দল মুখোমুখি হতে পারে গ্রুপ পর্বেই। একই পাত্রে থাকা দলগুলো গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হবে না। একই দেশের দুটি দলও একই গ্রুপে থাকবে না।
এই নিয়মে চারটি পাত্রে থাকা ৩২টি দলকে আটটি গ্রুপে ফেলা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। ইউরোপের শীর্ষ লিগগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। নিজেদের লিগে অবস্থান ধরে রাখার পাশাপাশি ক্লাবগুলোকে ভাবতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগ নিয়েও। ৬টি ব্রিটিশ, ৪টি স্প্যানিশ আর ৪টি জার্মান দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ অন্য রকম রোমাঞ্চই ছড়াচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু চ্যাম্পিয়নস লিগের ড্র। সূত্র: উয়েফা, ইএসপিএন।
পাত্র ১ | পাত্র ২ | পাত্র ৩ | পাত্র ৪ |
রিয়াল মাদ্রিদ | বার্সেলোনা | নাপোলি | সেল্টিক |
বায়ার্ন মিউনিখ | অ্যাটলেটিকো মাদ্রিদ | টটেনহাম | ফেইনুর্দ |
চেলসি | পিএসজি | বাসেল | মারিবর |
জুভেন্টাস | বরুসিয়া ডর্টমুন্ড | অলিম্পিয়াকস | লিপজিগ |
বেনফিকা | সেভিয়া | আন্ডারলেখট | সিএসকেএ মস্কো |
মোনাকো | ম্যানচেস্টার সিটি | রোমা | স্পোর্টিং |
স্পার্তাক মস্কো | পোর্তো | বেসিকতাস | অ্যাপোয়েল |
শাখতার দোনেৎস্ক | ম্যানচেস্টার ইউনাইটেড | লিভারপুল | কারাবাগ |