চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল

>
- রোমার বিপক্ষে সেমিফাইনালে দ্বিতীয় লেগের খেলায় ৪-২ গোলে হেরেছে লিভারপুল।
- প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল রোমা।
- দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিশ্চিত করল লিভারপুল।
বার্সার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য জয়। সেমিফাইনালের প্রথম লেগের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। দ্বিতীয় লেগে এসে এমন জয়। এত কিছুর পরেও ফাইনাল খেলা হচ্ছে না রোমার। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকেই ফাইনালে উঠল লিভারপুল। ‘ইশ্...হলো না। অল্পের জন্য হলো না। নবম মিনিটে নাইনগোলানের অমন ভুল পাস না হলে সমীকরণ অন্য রকম হতে পারত...ইত্যাদি ইত্যাদি।’ রোমা–সমর্থকেরা এসব যতই বলুক চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কিন্তু লিভারপুলই। নিজেদের মাঠে প্রথম লেগে রোমার বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছিল লিভারপুল। বুধবার রাতে রোমার মাঠে দ্বিতীয় লেগে ৪-২ গোলে হেরেও ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি। রোমা জয় পেয়েছে। এমন জয়, যার কোনো মানে নেই। যে জয়ে ‘উল্লাস’ করা যায় না।
পুরো খেলায় দুর্দান্ত ছিল রোমা। ম্যাচের ৬০ ভাগ সময় বল নিজেদের দখলে রেখেছিল তারা। তবে ম্যাচের শুরুতেই ভুল পাসের খেসারত দিয়ে গোল হজম করতে হয় তাদের। প্রথমার্ধের নবম মিনিটে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে নেন সাদিও মানে। কিছু সময় পর ম্যাচের ১৫তম মিনিটে আবারও অঘটন। এবার অঘটনের শিকার লিভারপুল। লিভারপুলের খেলোয়াড় মিলনারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রোমা (১-১)। মিনিট দশেক পর লিভারপুলকে গোল ব্যবধানে এগিয়ে নেন জিয়ারজিনিও উইনালদাম (২-১)। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫২তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। এডিন জেকোর গোলে সমতায় ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইতালিয়ান ক্লাবটি (২-২)। কিছু সময় একের পর এক আক্রমণ চালায় রোমা। কিন্তু গোলের দেখা মেলে ম্যাচের ৮৬তম মিনিটে এসে। নাইনগোলানের দুর্দান্ত শটে গোল ব্যবধানে এগিয়ে যায় রোমা (৩-২)। এরপর যোগ হওয়া সময়ে (৯৪তম মিনিটে) পেনাল্টি থেকে গোল করেন নাইনগোলান। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

রোমার মিডফিল্ডার নাইনগোলান রীতিমতো উপহার দিলেন। প্রথমার্ধের নবম মিনিটে বেলজিয়ান এই মিডফিল্ডারের ভুল পাসে বল পেয়ে যান লিভারপুল তারকা ফিরমিনো। দ্রুতগতিতে বল নিয়ে রোমার সীমানায় ঢুকে পড়েন ফিরমিনো। ফিরমিনোর ক্রস থেকে ক্লিনিক্যাল ফিনিশে রোমার জালে বল জড়ান সাদিও মানে। এরপর বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা স্বাগতিকরা একের পর এক আক্রমণ করলেও গোলমুখ খুলতে ব্যর্থ হচ্ছিল বারবার। ১৫তম মিনিটে লিভারপুলের রক্ষণ থেকে বল ক্লিয়ারের সময় মিলনারের মাথায় বল লেগে লিভারপুলের জালে জড়ায়। আত্মঘাতী গোলে সমতায় ফেরে রোমা। ২৫তম মিনিটে কর্নার থেকে রোমার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে লিভারপুলকে এগিয়ে নেন জিয়ারজিনিও উইনালদাম। ২-১ স্কোরলাইনে প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে মনে হচ্ছিল লিভারপুলের ফাইনাল নিশ্চিত। কিন্তু ৫২তম মিনিটে জেকোর দুর্দান্ত শটে রোমা সমতায় ফিরলে আশার আলো দেখতে পান রোমান সমর্থকেরা। এরপর লিভারপুলের গোলমুখে রোমার খেলোয়াড়দের একের পর এক শট লিভারপুলের রক্ষণ ভেঙে দিয়েছিল। ম্যাচের ৮৬তম মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন নাইনগোলান। কলারভের ক্রস থেকে নাইনগোলানের আড়াআড়ি শটে গোল ব্যবধানে এগিয়ে যায় রোমা। তখন আর দুই গোল হলেই সমীকরণ অন্য কিছু হতো। ম্যাচের শেষ মুহূর্তে, যোগ হওয়া সময়ে ‘অন্য কিছু’ হওয়ার পূর্বাভাস দেন সেই নাইনগোলানই। তবে সেই অন্য কিছু আর হয়নি। পেনাল্টি থেকে তাঁর শেষ গোলও রোমাকে নিয়ে যাতে পারেনি ফাইনালের মঞ্চে।