ফাইনালে রেফারি চূড়ান্ত করা হবে যেভাবে

>• চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রেফারি চূড়ান্ত করবেন পিয়েরেলুইজি কলিনা
• উয়েফা রেফারি কমিটির এই প্রধান সংক্ষিপ্ত তালিকাও করেছেন
• রেফারিদের সংক্ষিপ্ত তালিকা থেকে একজনকে চূড়ান্ত করবেন কলিনা
চ্যাম্পিয়নস লিগে এবার রেফারিং অসম্ভব বিতর্কিত এক বিষয়। রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে রোমা-লিভারপুল সেমিফাইনালের ফিরতি লেগ নিয়েও। এ ম্যাচে দুটি পেনাল্টি না পাওয়ায় রেফারির ওপর ক্ষুব্ধ রোমা। ফাইনাল নিয়ে তাই আগেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে—রেফারির দায়িত্বটা বর্তাবে কার কাঁধে!
ইউরোপ-সেরার লড়াইয়ে ৩৭ বছর পর এবার ফাইনালে মুখোমুখি রিয়াল-লিভারপুল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, এ ম্যাচের রেফারির নাম চূড়ান্ত করে উয়েফা আগামী কদিনের মধ্যে তা জানিয়ে দেবে।২৬ মে কিয়েভে হবে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
উয়েফার বর্তমান রেফারি কমিটির প্রধান পিয়েরে লুইজি কলিনা। এই ইতালিয়ান নিজেই রেফারিদের কিংবদন্তি। এবার চ্যাম্পিয়নস লিগে সবগুলো ম্যাচে রেফারিংয়ের মান তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন। তাই টুর্নামেন্টের নকআউটপর্বে রেফারিরা যে বিতর্ক ছড়িয়েছেন, সেটা তাঁর অজানা নয়। বিশেষ করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে।
আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান কোনো রেফারির কাঁধে সাধারণত চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার দায়িত্ব পড়ে। তবে এবারের ফাইনালে স্পেন কিংবা ইংল্যান্ডের কোনো রেফারিকে দেখা যাচ্ছে না, তা নিশ্চিত। কারণ, ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ও ইংলিশ ক্লাব। চ্যাম্পিয়নস লিগে খুব কম ভুল করেছেন, এমন রেফারিদের মাঝ থেকেই সাধারণত চূড়ান্ত ব্যক্তিটিকে বেছে নেয় উয়েফা।
ফাইনাল পরিচালনায় কলিনা রেফারিদের যে সংক্ষিপ্ত তালিকা করেছেন সেখানে জায়গা পেয়েছেন—নেদারল্যান্ডসের বিয়ন কুইপার্স, স্লোভেনিয়ার দামির স্কোমিনা, জার্মানির ফেলিক্স ব্রাইখ, সুইডেনের জোনাস এরিকসন, ফ্রান্সের ক্লেমেন্ত তারপিন ও তুরস্কের কুনিয়েত কাকির। এদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেবেন কলিনা।
তবে কাকিরকে নিয়ে এখনো বিতর্কের ধোঁয়া উড়ছে। তাঁর বিরুদ্ধে বায়ার্নের অভিযোগ, সেমির ফিরতি লেগে রিয়াল ডিফেন্ডার মার্সেলোর হাতে বল লাগলেও তিনি পেনাল্টির বাঁশি বাজাননি। তবে ফাইনালের রেফারি হিসেবে কলিনা যাকেই বেছে নেন না কেন বিতর্ক যে হবেই তা মোটামুটি নিশ্চিত।