চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কে কার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও মেসিদের টপকাতে হবে অ্যাটলেটিকো বাধা। ফাইল ছবি
এবারও মেসিদের টপকাতে হবে অ্যাটলেটিকো বাধা। ফাইল ছবি

ঠিক কোন ছবিটা এই মুহূর্তে মনে আসছে ডিয়েগো সিমিওনের? ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডিয়েগোর করা ওই গোলটা? নাকি একসঙ্গে মেসি-নেইমার-সুয়ারেজের হাসিমুখে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সেই ছবি? দ্বিতীয়টি নিশ্চয়ই ভয়ের, গত দুই মৌসুম ধরে যে এই তিনজনই অ্যাটলেটিকোকে হারিয়ে দিচ্ছে বারবার। তবে প্রথমটি মনে আশা জাগাবে, সেবার যে ডিয়েগোর ওই গোলেই বার্সাকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। 

সিমিওনের এমন ভয়-শঙ্কা আর আশার মিশ্র অনুভূতি সামনে চলে আসছে, কারণ আরও একবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখিই হতে হচ্ছে অ্যাটলেটিকোকে। অবশ্য গতবারের চ্যাম্পিয়ন, এই মুহূর্তে অবিশ্বাস্য ফর্মে থাকা বার্সার মুখোমুখি না হলেই হয়তো খুশি হতেন আর্জেন্টাইন কোচ। অবশ্য লুইস এনরিকেও কি খুব বেশি খুশি? অ্যাটলেটিকো যে সব সময়ই পথের কাঁটা বিছানোর মতোই দল।
একই অবস্থা ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ও প্যারিস সেন্ট জার্মেই কোচ লঁরা ব্লাঁরও। চ্যাম্পিয়নস লিগের চার কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটিকে যে 'এল-ক্যাশিকো' বানিয়ে দিয়েছে দল দুটি। অবশ্য কোয়ার্টার ফাইনালে, সবচেয়ে সেরা আট দলের মধ্যে খুশি বা হতাশ হওয়ার কিছু নেই। এখানে সব দলই প্রায় সমশক্তির। সব দলেরই সামর্থ্য আছে, অন্যকে হারিয়ে দেওয়ার।
তবুও রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মনে মনে কি একটু খুশি হচ্ছে না? ‘কাগজে-কলমে’ কোয়ার্টার ফাইনালের সবচেয়ে সহজ দুটি দলের সামনেই যে পড়ছে স্প্যানিশ ও জার্মান দুই পরাশক্তি। রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব ভলফসবুর্গের বিপক্ষে। বায়ার্নের প্রতিপক্ষ বেনফিকা।
আগামী ৫ ও ৬ এপ্রিল শেষ আটের প্রথম লেগ, ফিরতি লেগ ১২-১৩ এপ্রিল।

এপ্রিল ৫ বার্সেলোনা - অ্যাটলেটিকো (দ্বিতীয় লেগ ১৩ এপ্রিল)
বায়ার্ন - বেনফিকা (দ্বিতীয় লেগ ১৩ এপ্রিল)
এপ্রিল ৬ পিএসজি - সিটি (দ্বিতীয় লেগ ১২ এপ্রিল)
ভলফসবুর্গ - রিয়াল মাদ্রিদ (দ্বিতীয় লেগ ১২ এপ্রিল)