চ্যাম্পিয়নের মতোই জিতল পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ পুঁচকে জিব্রাল্টার। প্রায় ৩০ হাজার জনসংখ্যার দেশটি ফিফার সদস্যপদই পেয়েছে এ বছরের জুনে। এমন একটা দলের বিপক্ষে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগালের জয় নিয়ে তাই মোটেই সংশয় ছিল না। বরং জয়ের ব্যবধানটা কেমন হয়, সেটিই ছিল দেখার। তা পরশু পোর্তোর সেই প্রীতি ম্যাচে পর্তুগাল কোনো ছাড়ই দিল না ফিফায় নবাগত দেশটিকে। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জিব্রাল্টারকে উড়িয়ে দিল ৫-০ গোলে।
রাতের অন্য প্রীতি ম্যাচে ইউরো রানার্সআপ ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে জিয়ামপিয়েরো ভেনতুরার নতুন ইতালিকে। ডেভিড সিলভার জোড়া গোলে বেলজিয়ামকে হারিয়ে নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে শুভসূচনা হয়েছে স্পেনের। তবে রাতটা সবচেয়ে বাজে গেছে ইউরোপের আরেক পরাশক্তি হল্যান্ডের। আইন্দহফেনে গ্রিসের কাছে তারা হেরে গেছে ২-১ গোলে। গ্রিস এই প্রথম হারাল হল্যান্ডকে।
ইতালির কোচ হিসেবে প্রথম ম্যাচেই হার, শুরুটা তাই খুব একটা সুখকর হলো না ভেনতুরার। তবে এতে দমে যাচ্ছেন না ৬৮ বছর বয়সী ইতালিয়ান, ‘মাত্র তিন দিনের অনুশীলনে এর বেশি আর কিছু করার ছিল না। আমি ফল নিয়ে সন্তুষ্ট নই। তবে নতুন করে শুরু করাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল।’ গোলডটকম।
প্রীতি ম্যাচের ফল
বেলজিয়াম ০: ২ স্পেন
হল্যান্ড ১: ২ গ্রিস
পর্তুগাল ৫: ০ জিব্রাল্টার
ইতালি ১: ৩ ফ্রান্স