চ্যালেঞ্জ নেবেন প্লাতিনি?

দুর্নীতির কলঙ্ক লেগেছে ফিফার গায়ে। সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেপ ব্ল্যাটারও। নতুন নির্বাচনের তারিখ ঘোষণার পর এখন ফুটবল-বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন—কে হবেন ফিফার পরবর্তী সভাপতি?
অনেকগুলো নামই শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি আসছে যাঁর নাম, তিনি উয়েফা সভাপতি ও কিংবদন্তি ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি। স্বভাবতই, গুঞ্জন শুরু হয়েছে, প্লাতিনি কি পারবেন ফিফার গা থেকে এ কলঙ্কের দাগ মুছে দিতে? উয়েফার সভাপতি হিসেবে তিনি যতটা সফল, সেই সফলতা কি দেখাতে পারবেন ফুটবলের সবচেয়ে ক্ষমতাশালী প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসেবে?
আট বছর ধরে উয়েফার সভাপতি প্লাতিনি। এ সময়ে তাঁর নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত প্রশংসিতও হয়েছে। সে রকমই একটা সিদ্ধান্ত ছিল চ্যাম্পিয়নস লিগে দুই স্তরের বাছাইপর্ব প্রচলন। এতে ইউরোপে র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা লিগের দলগুলোর আরও বেশি সুযোগ তৈরি হয়েছে গ্রুপ পর্বে জায়গা করে নেওয়ার। এ ছাড়া হুটহাট প্রযুক্তি ব্যবহার শুরু না করে খেলাটাকে মানবিক রাখতেও সব সময় সোচ্চার তিনি। যার ফলে গোললাইনে বাড়তি দুজন অফিশিয়াল রাখার নিয়মটাকে প্রাধান্য দিয়ে আসছেন সব সময়।
এটা প্রশাসক প্লাতিনির একটা দিক। কিন্তু এর উল্টো একটা দিকও আছে। ক্লাব ফুটবল বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ করে ইউরোপের বাণিজ্যিকভাবে সফল ও পরাশক্তি ক্লাবগুলো। এর ফলে যে লিগ কিংবা ক্লাবগুলো প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে সফল, তারাই দিনকে দিন আরও ধনী হচ্ছে, কোণঠাসা হয়ে আছে ছোট লিগ আর সে লিগের দলগুলো। প্লাতিনি এ ব্যবধান কমিয়ে আনতে এত বছরেও খুব বেশি কিছু করতে পারেননি। ইউরোপের পরাশক্তি ক্লাবগুলো মিলে যে ইউরোপিয়ান ক্লাবস অ্যাসোসিয়েশন (ইসিএ) করেছে, সেটার সামনে অসহায় হয়ে থাকতে হয়েছে তাঁকে। ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নামে একটা বিতর্কিত আইন অবশ্য উয়েফা করেছে। কিন্তু সেটা এখনো কার্যকর কিছু প্রমাণিত হয়নি। টিকে থাকার জন্য ছোট ক্লাবগুলো বাধ্য হচ্ছে তাদের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড়টিকে বড় ক্লাবের কাছে বিক্রি করে দিতে। নিজ মহাদেশে যিনি এ ব্যবধান ঘুচাতে পারেননি, তিনি বৈশ্বিক সভাপতি হিসেবে এ কাজে কতটা সফল হবেন?
এই জায়গাটায় অবশ্য সেপ ব্ল্যাটার বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। ফুটবলকে আরও বৈশ্বিক করে তুলতে সব সময় সক্রিয় দেখা গেছে তাঁকে। ঠিক এ কারণেই আফ্রিকা ও এশিয়ান ফুটবল ফেডারেশনগুলোতে ব্ল্যাটার বেশ জনপ্রিয়ও। সভাপতি হলে প্লাতিনির সামনে এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
তবে প্রথম ও সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অবশ্যই কালিমা মুছে দিয়ে ফিফার ভাবমূর্তি উজ্জ্বল করা। সভাপতি হিসেবে নিজের প্রার্থিতা এখনো ঘোষণা না করলেও দুর্নীতির বিরুদ্ধে প্লাতিনি সব সময়ই সোচ্চার। গত মে মাসে ফিফা কেলেঙ্কারির বিষয়টা প্রকাশ্যে আসার পরই প্লাতিনি বলেছিলেন, ‘এই ব্যাপারটা নিয়ে সবার আগে আমিই কথা বলেছি। ফিফার এই সমস্যাগুলোর কথা ভাবলেই আমার বদহজম হয়।’
কথা ও কাজে কতটুকু মিল রাখতে পারেন প্লাতিনি, সেটা দেখার জন্য অবশ্য তাঁর ফিফা সভাপতি হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। রয়টার্স।