চড়, ঢিল, লাথি... এমনকি গুলিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবন থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে ছিয়াশির নায়কের সম্পর্কটা বড্ড ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ছবি: এএফপি
খেলোয়াড়ি জীবন থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে ছিয়াশির নায়কের সম্পর্কটা বড্ড ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ছবি: এএফপি

মাঠে বহু প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন। তবে মাঠের বাইরে সম্ভবত ডিয়েগো ম্যারাডোনার সবচেয়ে বড় প্রতিপক্ষ সাংবাদিকেরাই! খেলোয়াড়ি জীবন থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে ছিয়াশির নায়কের সম্পর্কটা বড্ড ঝঞ্ঝাবিক্ষুব্ধ। সংবাদকর্মীরা যেন ফুটবল কিংবদন্তির কাছে রীতিমতো চক্ষুশূল। ম্যারাডোনার সঙ্গে সাংবাদিকদের ‘দ্বৈরথে’র কয়েকটি আলোচিত ঘটনা দেখে নেওয়া যেতে পারে।         
সাংবাদিকদের গুলি
১৯৯৪ সালে বুয়েনস এইরেসে নিজের বাড়ির সামনে এক ভয়ংকর কাণ্ড ঘটিয়ে বসলেন। আলোকচিত্রী ও সাংবাদিকদের তাক করে গুলি ছোড়া শুরু করলেন। এ ঘটনায় আহত হলো চারজন। ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেল, মার্সিডিজের পেছনে আরও দুজনের সঙ্গে এয়ারগান নিয়ে সাংবাদিকদের গুলি ছুড়ছেন ম্যারাডোনা। এ ঘটনায় ১৯৯৮ সালে দুই বছর ১০ মাসের জেলের রায় হয় আর্জেন্টিনা কিংবদন্তির।

সাংবাদিকদের উদ্দেশে গুলি ছুড়ছেন ম্যারাডোনা। ছবি: বিবিসি
সাংবাদিকদের উদ্দেশে গুলি ছুড়ছেন ম্যারাডোনা। ছবি: বিবিসি

জয় সাংবাদিকদের জন্য নয়!
২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার গলদঘর্ম অবস্থা। রীতিমতো প্লে-অফের চোখ রাঙানি। আর্জেন্টিনা সংবাদমাধ্যমে তখন ম্যারাডোনার সরে দাঁড়ানোর হুমকি, জাতীয় দলে তাঁর উপদেষ্টা কার্লোস বিলার্দোর সঙ্গে কথিত রেষারেষি, অন্তর্কলহ নিয়ে বিস্তর লেখালেখি। শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল আর্জেন্টিনা। জয়ের পর ম্যারাডোনা একহাত নিলেন সাংবাদিকদের। মনের ভেতর পুষে রাখা ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘এই জয় সব আর্জেন্টাইনের জন্য, শুধু সাংবাদিক ছাড়া।’ ক্ষোভের কারণটা ব্যাখ্যা করেছিলেন এভাবে, ‘ওরা আমাকে ধুলা-ময়লার মতো বিবেচনা করেছে। কিন্তু আমরা সসম্মানে বিশ্বকাপে উঠেছি। আমি এটি আর্জেন্টিনার প্রত্যেক মানুষ ও আমার পরিবারকে উত্সর্গ করছি। কিন্তু একটা অংশ এর যোগ্য নয়। তারা আমাকে আবর্জনার মতো মূল্যায়ন করেছে।’

পায়ের ওপর গাড়ি

২০১০ সালের ২০ মে। বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণা করবেন কোচ ম্যারাডোনা। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার পথে এক টিভি ক্যামেরাম্যানের পায়ের ওপর চালিয়ে দিলেন গাড়ি! শুধু কি তা-ই? আহত তো করলেনই, উপরি হিসেবে ক্যামেরাম্যানকে গালিও দিলেন!     

২০১৩ সালের মে মাসে বুয়েনস এইরেস বিমানবন্দর থেকে ফেরার পথে আলোকচিত্রীর দিকে তেড়ে যাচ্ছেন ম্যারাডোনা। ছবি: ওয়েবসাইট
২০১৩ সালের মে মাসে বুয়েনস এইরেস বিমানবন্দর থেকে ফেরার পথে আলোকচিত্রীর দিকে তেড়ে যাচ্ছেন ম্যারাডোনা। ছবি: ওয়েবসাইট

পাথর নিক্ষেপ-লাথি
গত বছর মে মাসে বান্ধবী ওলিভাকে (এখন সাবেক) সঙ্গে নিয়ে দুবাই থেকে বুয়েনস এইরেসে ফিরছিলেন। বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নেন আলোকচিত্রীরা। কিছু দূর যাওয়ার পর অতিষ্ঠ হয়ে ম্যারাডোনা কী করেছিলেন জানেন? গাড়ি থেকে নেমে সোজা পাথর ছুড়ে মেরেছিলেন সাংবাদিকদের! এমনকি কাছে থাকা এক আলোকচিত্রীকে লাথিও মেরে বসেন!
কষে চড়!
এটি সাম্প্রতিক সময়ের ঘটনা। গেল শনিবার এক থিয়েটার থেকে বান্ধবী ভেরোনিকা ওজেদা ও সন্তান ডিয়োগো ফার্নান্দোকে নিয়ে ফিরছিলেন। এ সময় সাংবাদিকেরা ঘিরে ধরেন। গাড়ির ভেতর বসে শান্তভাবেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হঠাত্ই রুদ্র রূপ! গাড়ি থেকে নেমে উপস্থিত এক সাংবাদিককে কষে মারলেন চড়! কিন্তু কেন? কেন অমন করে খেপে উঠলেন ম্যারাডোনা? ওই সাংবাদিক নাকি গাড়িতে বসা ওজেদাকে উদ্দেশ করে আপত্তিকর ইশারা করেছিলেন। এতেই চটে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।