চড়া মূল্যে বিদেশি কোচ, সাফল্য দেশি কোচেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম বেতনেই সফল অনূর্ধ্ব-১৬ মেয়েদের কোচ গোলাম রব্বানী। ছবি: প্রথম আলো
কম বেতনেই সফল অনূর্ধ্ব-১৬ মেয়েদের কোচ গোলাম রব্বানী। ছবি: প্রথম আলো

কোনো বিদেশি কোচ এলেই বাফুফে কর্তারা এমন শুরু করেন যেন এক ‘জাদুকর’ এসেছেন। সেই জাদুকর মন্ত্রবলেই বদলে দেবেন দেশের ফুটবলের চেহারা। হালে লোডভিক ডি ক্রুইফ, ফাবিও লোপেজ, গঞ্জালো মোরেনো কিংবা টম সেন্টফিট—সবার ক্ষেত্রেই ছিল এমন আশা। অনেক বেতন দিয়ে আনা হয়েছিল এই কোচদের। কিন্তু ডাচ, ইতালীয়, স্প্যানিশ কিংবা বেলজিয়ান কোচদের আমলে বাংলাদেশের ফুটবল কোথায় নেমেছে, সেটি সবারই জানা। অথচ পেটে-ভাতে কাজ করা দেশি কোচরাই সাম্প্রতিক কালে সাফল্য এনেছেন দেশের ফুটবলের জন্য।

ফুটবল নিয়ে দেশের মানুষের যে আগ্রহটুকু অবশিষ্ট, সেটি অনূর্ধ্ব-১৬ মেয়েদের দলকে ঘিরেই। ঘরের মাঠে দাপটের সঙ্গে ইরান, আমিরাতের মতো দলকে পেছনে ফেলে তারা স্থান করে নিয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে। এশিয়ার সেরা আট দলের একটি হয়ে সেই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ব্যাংককে, আগামী সেপ্টেম্বরে। ২০১৫ সালে সিলেটে ছেলেদের অনূর্ধ্ব-১৬ দলও সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছিল। এই দুটি দলেরই কোচ দেশের—গোলাম রব্বানী ছোটন ও সৈয়দ গোলাম জিলানী। দুজনই কাজ করেন খুবই অল্প পারিশ্রমিকে। জাতীয় ফুটবল দলের বিদেশি কোচিং স্টাফের পেছনে যে খরচ, সে তুলনায় দুই কোচের বেতন নামমাত্রই বলা যায়।

দুই কোচই বেতন পান ৩৫ হাজার টাকার মতো। দুজনেই বাফুফের চাকুরে। ‘বি’ ক্যাটাগরির কোচ হিসেবে এটিই তাঁদের জন্য নির্ধারিত পারিশ্রমিক। টাকার অঙ্কটা কম, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই দুজন বেতনটা নিয়মিত পান না—এমন অভিযোগ আছে। কিছুদিন আগে বেতন-ভাতা কম হওয়ার কারণেই চাকরি ছেড়ে দিয়েছেন আরেক ‘বি’ ক্যাটাগরি কোচ আবদুর রাজ্জাক। তাঁর চাকরি ছেড়ে দেওয়া যেন দেশি কোচদের আর্থিক দুরবস্থার জলজ্যান্ত এক বিজ্ঞাপন।

অন্যদিকে, বাংলাদেশের বর্তমান অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ওর্ড ও তাঁর সহকারীদের পেছনে বাফুফের খরচ প্রতি মাসে ১৭ হাজার ডলার। ওর্ডের সঙ্গে আছেন ফিটনেস ও কন্ডিশনিং কোচ জন হুইটাল। ক্রুইফ, লোপেজ, টম সেন্টফিট—সবারই বেতনের অঙ্ক ছিল যথেষ্ট বড়। বিদেশি কোচদের সঙ্গে বাফুফের বেতনভুক্ত কোচের বেতনের তুলনা করা হয়তো ঠিক না, কিন্তু ফুটবলের তৃণমূল শক্ত করার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের পারিশ্রমিকের অঙ্কটা একটু সম্মানজনক হতেই পারে।

ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় স্থানীয় কোচদের কম পারিশ্রমিকের বিষয়টি স্বীকার করেছিলেন কিছুদিন আগে, ‘দেশের ফুটবলে স্থানীয় কোচদের অবদান অনেক। তাঁদের সম্মানীর বিষয়টি আমাদের মাথায় আছে। আমরা এ নিয়ে কাজ করছি।’

চাকরির শর্তের কারণেই নিজের পারিশ্রমিক নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না রব্বানী। সাফ জয়ী অনূর্ধ্ব-১৬ দলের কোচ জিলানীর বক্তব্যও তা-ই। কোচদের বেতন যে যথেষ্ট নয়, সেটি খুব ভালোমতোই বোঝেন বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু, ‘যারা ভালো করছে, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। কোচ মূল্যায়িত হলে তার কাজের আগ্রহ বাড়ে। ফলে ফুটবল ফেডারেশনও কোচদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আশা করি, অচিরেই কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে।’ সাবেক এই টেকনিক্যাল ডিরেক্টর বর্তমানে বাফুফের কোচেস এডুকেশন কো-অর্ডিনেটর পদে কাজ করছেন।

বাফুফের অধীনে বর্তমানে ২৩ জন দেশি কোচ কাজ করছেন। শুনলে অবাক হতে হয়, সবার পেছনে খরচ ছয় হাজার ডলারের একটু বেশি। সর্বোচ্চ বেতন ৪৪০ ডলার, সর্বনিম্ন ২০০ ডলার।

তবে বিদেশিদের টাকা দিতে কখনোই কোনো কার্পণ্য নেই বাফুফের। কোনো প্রকার যাচাই-বাছাই না করেই বিদেশি কোচদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে সমস্যা নেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। কোচিং সনদ না থাকলেও মাসে পাঁচ হাজার ডলার বেতনে কিছুদিন আগে জাতীয় দলের সঙ্গে কাজ করে গেছেন গোলরক্ষক কোচ নিউজিল্যান্ডের রায়ান স্ট্রান্ডফোর্ড। মালদ্বীপ ও ভুটানের কাছে হারা বেলজিয়ান কোচ টম সেন্টফিটের মাসিক বেতন ছিল ১০ হাজার ডলার। ডাচ্‌ কোচ ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার বছরে বেতন গুনতেন ১ লাখ ১০ হাজার ডলার।