ছন্দে জার্মানি, শীর্ষে পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই। কিন্তু তার পরই পোল্যান্ডের কাছে হার এবং আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে ইউরোর বাছাইপর্বে বড় হোঁচট খায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সেই দুঃসময়টা পেছনে ফেলে আবার ছন্দে ফিরেছে জোয়াকিম লোর দল। গত নভেম্বরে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারানোর পর পরশু জর্জিয়াকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। গোল দুটো করেছেন মার্কো রয়েস ও টমাস মুলার। টানা দুই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে পোল্যান্ড।
লিসবনে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগালও। গোল করেছেন কারভালহো ও কোয়েন্ত্রাও। নতুন কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল।
ওদিকে নিজের মাঠে ব্রাজিলের কাছে হারের ধাক্কা সামলে আবার জয়ে ফিরেছে ফ্রান্সও। পরশু প্রীতি ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে ১৯৯৮ চ্যাম্পিয়নরা। এএফপি, রয়টার্স।