ছন্দের খোঁজে আর্জেন্টিনা-কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিংয়ের তিন ও চারে থাকা দুই দলের লড়াই। সেটিও কোপা আমেরিকার মতো বড় মঞ্চে কোয়ার্টার ফাইনাল। আগামীকাল ভোরে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ দেখতে অনেকেই হয়তো ঘুম ঘুম চোখেই উঠে পড়বেন। কিন্তু যে রকম রোমাঞ্চ ছড়ানোর কথা, কাল তা কতটা দেখা যাবে? প্রশ্ন থাকছেই।
এবারের কোপা এমনিতেই যথেষ্ট ম্যাড়মেড়ে। তার ওপর যে দুটি দলের খেলা চোখে মায়াঞ্জন ছড়ানোর কথা, তারাই কিনা বেশি হতাশ করেছে। আর্জেন্টিনা তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলেও মেসি, আগুয়েরো, ডি মারিয়ারা নিজেদের সেরার ধারেকাছেও নেই। স্প্যানিশ লিগের সেরা ফরোয়ার্ডদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ তিন ম্যাচে করেছে মাত্র ৪ গোল।
কলম্বিয়া আরও বেশি বিবর্ণ। এক বছর আগে বিশ্বকাপে চমক হয়েই এসেছিল এই দলটি। এবার রাদামেল ফ্যালকাওকে নিয়ে কাগজে-কলমে দল আরও বেশি শক্তিশালী। কিন্তু মাঠে এর প্রতিফলনই নেই, তিন ম্যাচে মাত্র ১ গোল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই গ্রুপে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। নইলে শেষ আটে তো আর্জেন্টিনাকে প্রতিপক্ষ পাওয়ার কথা ছিল না!
ফ্যালকাওয়ের ফর্মহীনতা নিয়েই বেশি উদ্বিগ্ন হতে পারেন কলম্বিয়া কোচ হোসে পেকারম্যান। এখন পর্যন্ত টুর্নামেন্টে গোল পাওয়া দূরে থাক, তেমন কোনো সুযোগই পাননি ফ্যালকাও। রদ্রিগেজ, কুয়াদ্রাদোরাও যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। পেকারম্যান আভাস দিলেন, পরীক্ষিতদের ওপরই আস্থা রাখবেন, ‘এটা সত্যি, আমাদের কয়েকজন খেলোয়াড় ঠিক ফর্মে নেই। সেটি আমরা আড়াল করতে পারি না। কিন্তু আমরা জানি ওরা কেমন, কী করতে পারে। আমার মনে হয় ওদের সমর্থন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টিনা কোচ টাটা মার্টিনোরও দুশ্চিন্তামুক্ত নন। জ্যামাইকার সঙ্গে গঞ্জালো হিগুয়েইন ছিলেন নিষ্প্রভ, কাল দলে ফেরার কথা সার্জিও আগুয়েরোর। তিনি ফিরলে রং বদলাবে আর্জেন্টিনার? বদলাতেই পারে, একই সঙ্গে কলম্বিয়ার খেলার ধরনের কারণে আশা দেখছেন ডি মারিয়া, ‘কলম্বিয়ার খেলাটা আমাদের পক্ষে আসতে পারে। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে খেলেছি, তাদের চেয়ে কলম্বিয়া একটু বেশি আক্রমণাত্মক হবে। আমার মনে হয় আমরা খেলার আরেকটু বেশি জায়গা পাব, একটা রোমাঞ্চকর ম্যাচ আশা করছি।’
মেসির জন্য কালকের ম্যাচটা একটু অন্য রকমই হতে যাচ্ছে। ১০ বছর আগে পেকারম্যানের হাত ধরেই আর্জেন্টিনা দলে অভিষেক। জার্মানি বিশ্বকাপে বেঞ্চে বসে দেখতে হয়েছিল দলের বিদায়। মেসিকে না নামানোয় তখন পেকারম্যানের সমালোচনা কম হয়নি। এত দিন পর কালই প্রথম পুরোনো শিক্ষকের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি।
শেষ হাসি কে হাসবেন? গুরু না শিষ্য? তথ্যসূত্র: কোপা আমেরিকা ডটকম।
মুখোমুখি
ম্যাচ আর্জেন্টিনা কলম্বিয়া ড্র
মোট ৩২ ১৭ ৮ ৭
কোপা আমেরিকায় ১২ ৭ ২ ৩