ছয়ে ছয় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুদোগোরেৎসের গোলমুখে রোনালদোর একটি প্রচেষ্টা ছবি: এএফপি
লুদোগোরেৎসের গোলমুখে রোনালদোর একটি প্রচেষ্টা ছবি: এএফপি

বুলগেরীয় ক্লাব লুদোগোরেৎসকে ৪-০ গোলে হারিয়ে শতভাগ জয়ের সাফল্য নিয়েই চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শেষ করল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে ইউরোপ-সেরা হওয়ার এই প্রতিযোগিতায় রিয়ালই একমাত্র দল যারা এই অনন্য রেকর্ড নিজেদের করে নিয়েছে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র পাঁচটি ক্লাবেরই আছে এই সাফল্য। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই গৌরব গায়ে মাখল ব্লাঙ্কোসরা। ২০১১-১২ মৌসুমেও একবার শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপপর্ব শেষ করেছিল তারা। লুদোগোরেৎসের বিপক্ষে কালকের জয়ে এই মৌসুমে টানা ১৯তম ম্যাচে জয়রথ সচল রাখল তারা।
আরও একটি দারুণ রেকর্ড এই মুহূর্তে হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর একটি ম্যাচ জিতলেই ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ১২ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জয়ের রেকর্ডের সঙ্গে নিজেদের ব্র্যাকেটবন্দী করতে পারবে রিয়াল। এই অনন্য রেকর্ডের ভাগীদার রিয়াল হতে পারে শেষ ষোলোর লড়াইয়েই। ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে টানা ১২টি ম্যাচ জিতে নিজেদের হাতের মুঠোয় রেখে দিয়েছে এই রেকর্ড।
প্রতিপক্ষ খুব একটা চোখ রাঙানোর মতো ছিল না। কিন্তু খেলা শুরুর ১৯ মিনিটের মাথাতেই যখন সেই প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়, তখন আসলে প্রতিদ্বন্দ্বিতার কিছু থাকে না। লুদোগোরেৎসের অবস্থাও কাল তেমনটিই হয়েছিল। তাদের মধ্যমাঠ সেনানী মারচেলিনহো সরাসরি লালকার্ড দেখেন বক্সের মধ্যে রিয়ালের একটি কর্নার হাত দিয়ে ঠেকিয়ে।
প্রাপ্ত পেনাল্টি থেকে পরের মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে চিপ করে লুদোগোরেৎসের গোলরক্ষককে বোকা বানান তিনি। এটি রোনালদোর ৭২তম চ্যাম্পিয়নস লিগ গোল। এর মাধ্যমে ইউরোপীয় এই প্রতিযোগিতার সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। প্রথম স্থানে ৭৪ গোল নিয়ে অবস্থান করছেন লিওনেল মেসি।
৩৮ মিনিটে কর্নার থেকে গ্যারেথ বেলের হেড রিয়ালকে এগিয়ে দেয় ২-০ গোলে। ৮০ মিনিটে তৃতীয় গোলটি করেন আলভারো আরবেলোয়া। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি খেলোয়াড় আলভারো মেদরানের গোলে বড় জয় তুলে নেয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন দলের প্লে মেকার ইসকো। তিনি অবশ্য লুদোগোরেৎসের বিপক্ষে ম্যাচটিকে ‘তুলনামূলক সহজ ম্যাচ’ হিসেবে অভিহিত করেন, ‘এটি তুলনামূলক সহজ ম্যাচ ছিল। ১৯ মিনিটের মাথায় লুদোগোরেৎস ১০ জনের দলে পরিণত হয়ে আমাদের কাজ আরও সহজ করে দেয়।’
তিনি দলের ১৯তম জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের রাতটা সত্যিই আনন্দ করে কাটানোর মতো। টানা ১৯ জয় কিন্তু যেমন-তেমন কিছু নয়।’
তবে এমন পারফরম্যান্সেও দল যে পুরোপুরি সন্তুষ্ট নয় সাক্ষাৎকারে সেটিও জানিয়ে গেছেন ইসকো, ‘দল সাফল্য পাচ্ছে, এটা ঠিক, কিন্তু আমরা আরও চাই। সত্যিকার অর্থে এত কিছুর পরেও দেখছি উন্নতির অনেক জায়গা থেকে যাচ্ছে। ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। লক্ষ্য আমাদের আকাশের সমানই।’ সূত্র: রয়টার্স।