ছাঁটাই হচ্ছেন সুলশার, রোনালদোদের কোচ হতে পারেন জিদান

দিন শেষ সুলশারের?ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৫-০ গোলে হারার পরও কোচ ওলে গুনার সুলশারের ওপর ভরসা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড। ভরসা রেখেছিল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারের পরও। তবে যতই ভরসা রাখা হোক না কেন, সুলশার যে সেভাবে দলকে অনুপ্রাণিত করতে পারছিলেন না, সেটা বোঝা যাচ্ছিল মাঠের ফলাফল আর বিভিন্ন খবরে।


জানা গিয়েছিল, কোচ হিসেবে রোনালদোরা সুলশারকে চান না। নিজের বেশ কিছু শিষ্যই সুলশারের কোচিং পদ্ধতি নিয়ে বিরক্ত। আতালান্তা, ভিয়ারিয়াল কিংবা লেস্টার সিটির বিপক্ষে ম্যাচগুলোও আশা জাগায়নি। শেষ মুহূর্তে বারবার গোল করে রোনালদো দলকে উদ্ধার করলেও কোচ হিসেবে সুলশার যে তেমন কোনো নৈপুণ্য দেখাতে পারছিলেন না, সেটা মোটামুটি প্রকাশ হয়ে পড়ছিল।

ইউনাইটেডের কোচ হবেন জিনেদিন জিদান?
ফাইল ছবি: এএফপি

সবচেয়ে বাজেভাবে প্রকাশিত হলো গত রাতে। ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই ম্যাচের পরেই মোটামুটি নিশ্চিত হয়েছে, চাকরি হারাচ্ছেন সুলশার।


টাইমস, স্কাই স্পোর্টস, গার্ডিয়ানের মতো নির্ভরযোগ্য গণমাধ্যম আর ফাব্রিজিও রোমানোর মতো সাংবাদিক এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, ম্যাচের পর দীর্ঘ সভা করেছেন ইউনাইটেডের বোর্ডকর্তারা। সে সভায় সিদ্ধান্ত হয়েছে সুলশারকে বাদ দেওয়ার ব্যাপারে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। রোমানো জানিয়েছেন, পাঁচ ঘণ্টার সে সভায় সবাই একমত হয়েছেন সুলশারকে ছাঁটাই করার ব্যাপারে। ছাঁটাই না করে সুলশারের সঙ্গে ঐকমত্যে এসে যাতে চুক্তি বাতিল করা যায়, সে প্রক্রিয়াই পছন্দ ইউনাইটেডের। টাইমস জানিয়েছে, সুলশারকে ছাঁটাই করলে ক্ষতিপূরণ বাবদ ৭৫ লাখ পাউন্ড দিতে হবে ইউনাইটেডকে। আর সেটাই যদি হয়, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর এই নিয়ে ম্যানেজারের ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ৪০ লাখ পাউন্ড পকেট থেকে খসবে ইউনাইটেডের। এক মরিনিওকে ছাঁটাই করতেই কয়েক বছর আগে দুই কোটি পাউন্ড খরচ করেছিল ইউনাইটেড।

সুলশারের কোচিং পদ্ধতি পছন্দ হচ্ছে না রোনালদোদের
ছবি: রয়টার্স

বলা হচ্ছে, পরবর্তী স্থায়ী ম্যানেজার না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত ম্যানেজারের দায়িত্বে থাকবেন দলের টেকনিক্যাল পরিচালক ড্যারেন ফ্লেচার, তাঁর সহকারী হিসেবে থাকবেন ইউনাইটেডের সহকারী কোচ, আরেক সাবেক তারকা মাইকেল ক্যারিক। জানা গেছে, ইউনাইটেডের সহসভাপতি জোয়েল গ্লেজার এর মধ্যেই সম্মতি জানিয়েছেন সুলশারকে ছাঁটাই করার ব্যাপারে।


কিন্তু ক্যারিক-ফ্লেচারকে দিয়ে অবশ্যই বেশি দিন চলবে না। দলে চাই নতুন স্থায়ী কোচ। কে আসবেন? শোনা যাচ্ছে, ইউনাইটেড বোর্ডের প্রথম পছন্দ জিনেদিন জিদান।

গত রাতে ওয়াটফোর্ডের কাছে চার গোল খেয়েছে ইউনাইটেড
ছবি : রয়টার্স

ইউনাইটেডবিষয়ক সাংবাদিক টম ম্যাকডারমট জানিয়েছেন, জিদান নিজেই সপ্তাহখানেক আগে ইউনাইটেডের কোচ হওয়ার কোনো আগ্রহ নেই। কিন্তু ইউনাইটেডের কর্তাব্যক্তিরা যেকোনো মূল্যেই জিদানকে চাইছেন। এদিকে টাইমস জানিয়েছে, জিদানের স্ত্রী ভেরোনিক জিদান ইংল্যান্ডে আসতে চাইছেন না, যে কারণে জিদান ইউনাইটেডের চাকরি নাও নিতে পারেন। ওদিকে পিএসজিও মরিসিও পচেত্তিনোকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ হিসেবে আনতে পারে বলে ফরাসি গণমাধ্যমগুলো গুঞ্জন ছড়াচ্ছে।

ওদিকে দলবদলবিষয়ক নির্ভরযোগ্য পর্তুগিজ সাংবাদিক পেদ্রো আলমেইদা জানিয়েছেন, জিদানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। জিদান রাজি হলে বেতন বাবদ এক কোটি ইউরো করে দেওয়া হবে তাঁকে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার!